[1] ভাইঅক্যল, আঁরার হযরত ইসা মসিহ্ আইবো আর আঁরারে একলগে মিলিত গরিয়েনে তেঁইর নিজর হাছে লই যাইবো। এই বিষয়ে আঁরা তোঁয়ারারে এই অনুরোধ গরির্ —
[2] “ফভুর দিন আই ফইজ্যে,” এই অত্যত নবি ইসাবে হোয়া কেউঅর হতা বা অইন্য কেউঅর হতা বা আঁরার লেহ্যা মনত গরিয়েনে হনঅ সিঢির হারনে তোঁয়ারা সঅজে চন্চল নঅ অইয়্যো বা নঅ ডরাইয়্যো।
[3] কেউ যেন্ হনঅ ভাবেই তোঁয়ারারে ভুল ফথদি লই নঅ যাআ, হারন য়েই দিন আইবার আগদি আল্লাহ্র বিরুদ্যে বিরাট বিদ্রোও অইবো, আর য়েই অবাইধ্যতার মরতফোয়া, যিবা জাহান্নামি, য়িবা ফকাশিত অইবো।
[4] “মাবুদ” বুলিয়েনে যেগিন আছে য়েগিন বেক্যিনর বিরুদ্যে আর এবাদত গরিবার মতন বেক কিছুর বিরুদ্যে থিয়াইয়েনে য়িবা নিজরে ডঁর গরি দেহ্যাইবো; এন্ কি, য়িবা আল্লাহ্র এবাদত-হ্যানাত বোইয়েনে নিজরে আল্লাহ্ বুলি দাবি গরিবো।
[5] আঁই যহন তোঁয়ারার হাছে আছিলাম তহন এই হতাগিন দে তোঁয়ারারে হইতাম, য়েগিন কি তোঁয়ারার মনত নঅ ফরে না?
[6] য়েই অবাইধ্যতার মরতফোয়া যেন্ ঠিগ সময়র আগদি ফকাশিত অইত্ নঅ ফারে য়িয়ানর লাই যিয়ান এহন য়িবারে বাধা দিই রাকের্ য়িয়ান তঅ তোঁয়ারা জান। তোঁয়ারা ইয়ানঅ জানিত্ ফাইজ্যো দে, অবাইধ্যতার মরতফোয়ার গোফন হামহরজ এহনঅ চলের,
[7] কিন্তু যিবা য়িবারে বাধা দিই রাকের্ তেঁই সরি নঅ যঅন ফইয্যন্ত বাধা দিতোই থাকিবো। তারফরদি য়েই অবাইধ্যতার মরতফোয়া ফকাশিত অইবো।
[8] হযরত ইসা তেঁইর মুকর নিয়াসত য়িবারে তচনচ গরিবো আর তেঁইর মইমাফুন্য উফস্থিতি দিয়েনে য়িবার শক্তি শেষ গরি দিবো।
[9] য়েই অবাইধ্যতার মরতফোয়া যহন আইবো তহন য়িবার লগে থাকিবো ইবিলিসর শক্তি। য়েই শক্তি ফকাশ ফাইবো অক্যল ডইল্যা মিছা চিন্য আর কেরামতি ও শক্তির হামর মাঝে,
[10] আর তচনচর ফথদি আগাই যইন্যা মানুষঅক্যলরে ঠগাইবার বেক ডইল্যা দুষ্ট ছলনার মাঝে। এই মানুষঅক্যলে তচনচ অইবো, হারন নাজাত ফাইবার লাই য়িতারা আঁসারে ভালা নঅঅ বাসে আর য়িয়ান গ্রঅনঅ নঅঅ গরে।
[11] ইয়ানর লাই আল্লাহ্ য়িতারার হাছে এন্ এক শক্তি ফাটাইবো যিয়ান য়িতারারে ভুল ফথদি লই যাইবো, যেন্ য়িতারা মিছাত্ বিশ্যাস গরে।
[12] য়িয়ানর লাই যারা আঁসার উঅর ইমান নঅ আনিয়েনে অন্যায় হামত আনন্দ ফাইয়্যে য়িতারার বেক্যিনরে আঁশরর দিন দুষি বুলিয়েনে ধরা অইবো।
[13] ফভুর ফ্রিয় আঁর ভাইঅক্যল, তোঁয়ারার লাই অক্যল সমতই আল্লাহ্রে আঁরার শুকরিয়া জানন্ উচিত, হারন নাজাত ফাইবার লাই আল্লাহ্ ফইল্যার ত্যুনই তোঁয়ারারে বাছি রাইক্যে। ফাক রুহ্র মইধ্য দিয়েনে তোঁয়ারারে ফবিত্র গরিবার মইধ্য দিয়েনে আর সুহ্যবরর আঁসার উঅর তোঁয়ারার ইমানর মইধ্য দিয়েনে তোঁয়ারা নাজাত ফাইয়্যো।
[14] আঁরা যে সুহ্যবর তবলিগ গরির্ য়িয়ানর মইধ্য দিয়েনেই য়েই নাজাত ফাইবার লাই তেঁই তোঁয়ারারে ডাইক্যে, যেন্ তোঁয়ারা আঁরার হযরত ইসা মসিহ্র মইমার ভাগি অঅ।
[15] য়িয়ানর লাই ভাইঅক্যল, ইস্তির থাক, আর সিঢির মইধ্য দিয়েনে বা হতার মইধ্য দিয়েনে যে শিক্যা আঁরা তোঁয়ারারে দিয়্যি য়েগিন ধরি রাক।
[16] আঁরার হযরত ইসা মসিহ্ নিজে ও আঁরার বাবা আল্লাহ্ তোঁয়ারার দিলত্ উত্সাঅ দান গরক আর বেক ভালা হামত ও হতাত তোঁয়ারারে ইস্তির রাকক্। তেঁইই আঁরারে মহব্যত গইজ্যে আর রহমত গরিয়েনে অশেষ উত্সাঅ ও আনন্দফুন্য আশ্যাস দান গইজ্যে।