Skip to content
Opens in a new window
Listen to this chapter • 3:13

[1] হে আমার বাছা, তুমি যদি আমার কথা শোনো ও আমার আদেশগুলি হৃদয়ে সঞ্চয় করে রাখো,

[2] প্রজ্ঞার প্রতি কর্ণপাত করো ও বুদ্ধিতে মনোনিবেশ করো—

[3] সত্যিই, তুমি যদি অন্তর্দৃষ্টিকে ডাক দাও ও বুদ্ধি লাভের জন্য জোরগলায় কাকুতি-মিনতি করো,

[4] ও যদি রুপোর মতো তার খোঁজ করো ও গুপ্তধনের মতো তা খুঁজে বেড়াও,

[5] তবেই তুমি সদাপ্রভুর ভয় বুঝতে পারবে ও ঈশ্বরের জ্ঞান খুঁজে পাবে।

[6] কারণ সদাপ্রভুই প্রজ্ঞা দান করেন; তাঁর মুখ থেকেই জ্ঞান ও বুদ্ধি বের হয়।

[7] ন্যায়পরায়ণদের জন্য তিনি সাফল্য সঞ্চয় করে রাখেন, যাদের চলন অনিন্দনীয়, তাদের জন্য তিনি ঢাল হয়ে দাঁড়ান,

[8] কারণ তিনি ধার্মিকের পথ পাহারা দেন ও তাঁর বিশ্বস্তজনেদের গতিপথ রক্ষা করেন।

[9] তখন তুমি বুঝবে ন্যায্য ও যথাযথ ও উপযুক্ত—প্রত্যেক সঠিক পথ কী।

[10] কারণ তোমার হৃদয়ে প্রজ্ঞা প্রবেশ করবে, ও জ্ঞান তোমার প্রাণের পক্ষে আনন্দদায়ক হবে।

[11] বিচক্ষণতা তোমাকে রক্ষা করবে, ও বুদ্ধি তোমাকে পাহারা দেবে।

[12] প্রজ্ঞা তোমাকে দুষ্টলোকের পথ থেকে উদ্ধার করবে, সেইসব লোকের হাত থেকে করবে যারা বিকৃত কথা বলে,

[13] যারা অন্ধকারাচ্ছন্ন পথে চলার জন্য সোজা পথ ত্যাগ করেছে,

[14] যারা অন্যায় করে আনন্দ পায় ও মন্দের বিকৃতমনস্কতায় আনন্দিত হয়,

[15] যাদের পথ কুটিল ও যারা তাদের আচরণে প্রতারণাপূর্ণ।

[16] প্রজ্ঞা তোমাকে ব্যভিচারিণীর হাত থেকেও উদ্ধার করবে, সম্মোহনী কথা বলা স্বৈরিণী মহিলার হাত থেকেও করবে,

[17] যে তার যৌবনাবস্থাতেই স্বামীকে ত্যাগ করেছে ও ঈশ্বরের সামনে করা তার চুক্তি উপেক্ষা করেছে।

[18] নিশ্চয় তার বাড়ি মৃত্যুর দিকে পা বাড়ায় ও তার পথ মৃত মানুষের আত্মাদের দিকে এগিয়ে যায়।

[19] যারা তার কাছে যায় তারা কেউ আর ফিরে আসে না বা জীবনের পথও অর্জন করে না।

[20] এইভাবে তুমি সুশীলদের পথে চলবে ও ধার্মিকদের পথ অবলম্বন করবে।

[21] কারণ ন্যায়পরায়ণরাই দেশে বসবাস করবে, ও অনিন্দনীয়রাই সেখানে অবশিষ্ট থাকবে;

[22] কিন্তু দুষ্টেরা দেশ থেকে বিচ্ছিন্ন হবে, ও অবিশ্বস্ত লোকেরা সেখান থেকে নির্মূল হবে।

হিতোপদেশ — Chapters