[1] খ্রীষ্টের সঙ্গে সংযুক্ত থাকার জন্য তোমরা যদি কোনো অনুপ্রেরণা, তাঁর ভালোবাসায় যদি কোনো সান্ত্বনা, যদি আত্মায় কোনো সহভাগিতা, যদি কোনো কোমলতা ও সহমর্মিতা লাভ করে থাকো,
[2] তাহলে তোমরা এক চিত্ত, এক প্রেম, এক আত্মা এবং একই ভাববিশিষ্ট হয়ে আমার আনন্দকে পূর্ণ করো।
[3] স্বার্থযুক্ত উচ্চাকাঙ্ক্ষা বা ভ্রান্ত দম্ভের বশবর্তী হয়ে কিছু কোরো না, কিন্তু নম্রতা সহকারে অন্যদের, নিজেদের চেয়েও শ্রেষ্ঠ বিবেচনা করো।
[4] নিজেদেরই বিষয়ে নয়, কিন্তু তোমরা অন্যদের বিষয়েও চিন্তা কোরো।
[5] খ্রীষ্ট যীশুর যে মনোভাব ছিল, তোমাদেরও ঠিক তেমনই হওয়া উচিত।
[6] তিনি স্বভাবগতরূপে ঈশ্বর হয়েও ঈশ্বরের সমকক্ষ হওয়ার অবস্থান আঁকড়ে ধরে রাখার কথা ভাবেননি,
[7] কিন্তু নিজেকে রিক্ত করে দিয়ে, তিনি ক্রীতদাসের রূপ ধারণ করলেন, মানব-সদৃশ হয়ে জন্ম নিলেন ও
[8] মানবাকারে প্রত্যক্ষ হয়ে তিনি নিজেকে অবনত করলেন; মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশমৃত্যু পর্যন্ত, তিনি অনুগত থাকলেন।
[9] সেই কারণে, ঈশ্বর তাঁকে সর্বোচ্চ স্থানে উন্নীত করলেন এবং সব নাম থেকে শ্রেষ্ঠ সেই নাম দান করলেন,
[10] যেন যীশুর নামে স্বর্গ-মর্ত্য-পাতালনিবাসী সকলে নতজানু হয়
[11] এবং পিতা ঈশ্বরের মহিমার জন্য প্রত্যেকটি জিহ্বা স্বীকার করে যে, যীশু খ্রীষ্টই প্রভু।
[12] সুতরাং, আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবসময় যেমন বাধ্য থেকেছ—কেবলমাত্র আমার উপস্থিতিতে নয়, কিন্তু এখন আমার অনুপস্থিতিতে আরও বেশি করে, তোমরা সভয়ে ও কম্পিত হৃদয়ে, কঠোর পরিশ্রমের দ্বারা তোমাদের পরিত্রাণ প্রদর্শিত করো।
[13] কারণ ঈশ্বর তাঁর শুভ-সংকল্পের জন্য তোমাদের অন্তরে ইচ্ছা উৎপন্ন ও কাজ করার জন্য সক্রিয় আছেন।
[14] তোমরা অভিযোগ ও তর্কবিতর্ক না করে সব কাজ করো,
[15] যেন তোমরা এই কুটিল ও অবক্ষয়ের যুগে, ঈশ্বরের নিষ্কলঙ্ক ও শুচিশুদ্ধ সন্তান হতে পারো, যাদের মধ্যে তোমরা দ্যুতিমান নক্ষত্রের মতো এই মহাবিশ্বে ভাস্বর হয়ে আছো।
[16] তোমরাই সেই জীবনের বাক্য ধারণ করে আছো, যেন খ্রীষ্টের দিনে আমি গর্ব করতে পারি যে, আমি বৃথা দৌড়াইনি, বা পরিশ্রম করিনি।
[17] কিন্তু যদিও আমি তোমাদের বিশ্বাস-প্রসূত সেবায় ও বলিদানের উপরে পানীয়-নৈবেদ্যরূপে সেচিত হই, আমি খুশি হই ও তোমাদের সকলের সঙ্গেই আনন্দ করি।
[18] সুতরাং তোমরাও আনন্দিত হও এবং আমার সঙ্গে আনন্দ করো।
[19] আমি প্রভু যীশুতে আশা করি, তিমথিকে অচিরেই তোমাদের কাছে পাঠাতে পারব, তাহলে তোমাদের সংবাদ পেয়ে আমিও আশ্বস্ত হব।
[20] সে ছাড়া আমার কাছে এমন আর একজনও নেই, যে তোমাদের মঙ্গলের জন্য আন্তরিক আগ্রহ দেখাবে।
[21] প্রত্যেকেই যীশু খ্রীষ্টের নয়, কিন্তু নিজের স্বার্থই দেখে।
[22] কিন্তু তোমরা জানো, তিমথি নিজেকে যোগ্য বলে প্রমাণ করেছে, কারণ সুসমাচারের কাজে সে পিতার সঙ্গে পুত্রের মতো আমার সেবা করেছে।
[23] তাই আশা করছি, আমার পরিস্থিতি কী হয়, সেকথা জানার সঙ্গে সঙ্গেই তাকে পাঠিয়ে দিতে পারব।
[24] আমি প্রভুতে নিশ্চিত যে, আমি নিজেও খুব শীঘ্র উপস্থিত হব।
[25] কিন্তু আমার মনে হয়, আমার ভাই, সহকর্মী ও সংগ্রামী-সঙ্গী ইপাফ্রদীত, যিনি তোমাদেরও সংবাদবাহক এবং আমার প্রয়োজনের দায়িত্ব গ্রহণের জন্য যাঁকে তোমরা পাঠিয়েছিলে, তাঁকে তোমাদের কাছে ফেরত পাঠানো প্রয়োজন।
[26] কারণ তিনি তোমাদের সকলের জন্যই অত্যন্ত ব্যাকুল এবং তোমরা তাঁর অসুস্থতার সংবাদ শুনেছিলে বলে তিনি উৎকণ্ঠিত আছেন।
[27] সত্যিই তিনি অসুস্থ হয়ে মরণাপন্ন হয়েছিলেন, কিন্তু ঈশ্বর তাঁর উপর করুণা করেছেন; শুধু তাঁর উপর নয়, আমার উপরেও করুণা করেছেন, যেন উত্তরোত্তর দুঃখ আমার না হয়।
[28] সেইজন্য, আমি আরও আগ্রহ সহকারে তাঁকে পাঠাচ্ছি, যেন আবার তাঁর দেখা পেয়ে তোমরা আনন্দ করতে পারো এবং আমারও উৎকণ্ঠার লাঘব হয়।
[29] প্রভুতে অত্যন্ত আনন্দের সঙ্গে তাঁকে স্বাগত জানিয়ো এবং তাঁর মতো মানুষদের সমাদর কোরো।
[30] কারণ খ্রীষ্টের কাজের জন্য তিনি মরণাপন্ন হয়েছিলেন, যে সাহায্য দূর থেকে তোমরা আমাকে দিতে অপারগ ছিলে, তার জন্য তিনি তাঁর জীবন বিপন্ন করেছিলেন।