Skip to content
Opens in a new window
Listen to this chapter • 5:01

[1] খ্রীষ্ট যীশুর বন্দি, আমি পৌল এবং আমাদের ভাই তিমথি, আমাদের প্রিয় বন্ধু ও সহকর্মী ফিলীমন,

[2] আমাদের বোন আপ্পিয়া ও আমাদের সহসৈনিক আর্খিপ্প এবং তোমার গৃহে সমবেত হওয়া মণ্ডলী সমীপে:

[3] আমাদের পিতা ঈশ্বর এবং প্রভু যীশু খ্রীষ্ট থেকে অনুগ্রহ ও শান্তি তোমাদের উপর বর্ষিত হোক।

[4] আমার প্রার্থনায় তোমাকে স্মরণ করার সময় আমি প্রতিনিয়ত আমার ঈশ্বরকে ধন্যবাদ দিই,

[5] কারণ প্রভু যীশুতে তোমার বিশ্বাস এবং সমস্ত সন্তজনের প্রতি তোমার ভালোবাসার কথা আমি শুনেছি।

[6] আমি প্রার্থনা করি, বিশ্বাসে আমাদের যে সহভাগিতা আছে তা অন্যের কাছে ব্যক্ত করতে তুমি যেন সক্রিয় হয়ে ওঠো, যেন খ্রীষ্টে আমাদের যেসব উৎকৃষ্ট বিষয় আছে, তার পূর্ণ উপলব্ধি তোমার হয়।

[7] তোমার ভালোবাসা আমাকে খুবই আনন্দ এবং প্রেরণা দিয়েছে, কারণ ভাই, তুমি সন্তজনেদের প্রাণ জুড়িয়েছ।

[8] অতএব, খ্রীষ্টে সাহসী হয়ে যদিও তোমার কর্তব্য সম্বন্ধে আমি তোমাকে আদেশ দিতে পারতাম,

[9] তবুও, ভালোবাসাবশত আমি তোমাকে মিনতি করছি, আমি পৌল—একজন বৃদ্ধ মানুষ এবং এখন খ্রীষ্ট যীশুর বন্দি—

[10] আমার পুত্রপ্রতিম ওনীষিমের জন্য আমি তোমাকে মিনতি করছি। আমার শৃঙ্খলাবস্থায় তাকে আমি পুত্ররূপে লাভ করেছি।

[11] পূর্বে, তোমার কাছে সে ছিল অনুপযোগী, কিন্তু এখন তোমার ও আমার, উভয়ের কাছেই সে কার্যোপযোগী হয়ে উঠেছে।

[12] আমি তাকেই, অর্থাৎ আমার প্রাণতুল্য ব্যক্তিকে তোমার কাছে ফেরত পাঠাচ্ছি। আমার সব ভালোবাসা তার সাথে যাচ্ছে।

[13] তাকে আমি আমার কাছেই রাখতে পারতাম, তাহলে সুসমাচারের জন্য আমার শৃঙ্খলবদ্ধ অবস্থায়, তোমার পরিবর্তে সে আমাকে সাহায্য করতে পারত।

[14] কিন্তু তোমার সম্মতি ছাড়া আমি কিছুই করতে চাইনি, যেন তুমি যে মঙ্গলকর কাজ করো, তা স্বেচ্ছায় করো, বাধ্য হয়ে নয়।

[15] হয়তো, সে অল্প সময়ের জন্য তোমার কাছ থেকে দূরে সরে গিয়েছিল, যেন তুমি তাকে চিরকালের জন্য ফিরে পাও—

[16] আর ক্রীতদাসরূপে নয়, কিন্তু তার চেয়েও শ্রেয়, প্রিয় এক ভাইরূপে। সে আমার বড়ই প্রিয়, কিন্তু মানুষ হিসেবে এবং প্রভুতে ভাই হিসেবে, সে তোমার কাছে আরও বেশি প্রিয়।

[17] তাই, তুমি যদি আমাকে তোমার সহযোগী বলে মনে করো, তাহলে আমাকে যেমন স্বাগত জানাতে, তাকেও সেভাবেই গ্রহণ কোরো।

[18] আর সে যদি তোমার প্রতি কোনো অন্যায় করে থাকে বা তোমার কাছে তার কোনো ঋণ থাকে, তা আমারই বলে গণ্য কোরো।

[19] আমি পৌল, নিজের হাতে এই পত্র লিখছি, আমি তা সম্পূর্ণরূপে পরিশোধ করব। তুমি নিজেই যে আমার কাছে ঋণে বাঁধা আছো, সেকথা আর উল্লেখ করলাম না।

[20] ভাই, আমরা দুজনই প্রভুতে আছি। প্রভুতে আমি তোমার কাছ থেকে এই উপকার যেন পেতে পারি, খ্রীষ্টে তুমি আমার প্রাণ জুড়াও।

[21] তোমার আনুগত্যের উপরে আস্থা রেখেই আমি তোমাকে লিখছি, কারণ আমি জানি যে, আমি যা চাই, তুমি তার চেয়েও বেশি করবে।

[22] আরও একটি কথা: আমার থাকার জন্য একটি ঘরের ব্যবস্থা কোরো, কারণ তোমাদের সব প্রার্থনার উত্তরস্বরূপ, আমি তোমাদের কাছে প্রত্যার্পিত হওয়ার আশা করি।

[23] খ্রীষ্ট যীশুতে আমার সহবন্দি ইপাফ্রা তোমাকে শুভেচ্ছা জানাচ্ছেন।

[24] আর আমার সহকর্মী মার্ক, আরিষ্টার্খ, দীমা ও লূক, এঁরাও জানাচ্ছেন।

[25] প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহ তোমাদের আত্মার সহবর্তী হোক। আমেন।