[1] এই হল আদমের বংশাবলির লিখিত নথি। ঈশ্বর যখন মানবজাতিকে সৃষ্টি করলেন, তখন তিনি তাঁদের ঈশ্বরের প্রতিমূর্তিতেই তৈরি করলেন।
[2] তিনি তাঁদের পুরুষ ও স্ত্রী করে সৃষ্টি করলেন এবং তাঁদের আশীর্বাদও করলেন। আর তাঁরা যখন সৃষ্ট হলেন তখন তিনি তাঁদের “মানবজাতি” নাম দিলেন।
[3] 130 বছর বয়সে আদম তাঁর নিজের সাদৃশ্যে, তাঁর নিজের প্রতিমূর্তিতে এক ছেলে লাভ করলেন; আর তিনি তাঁর নাম দিলেন শেথ।
[4] শেথের জন্ম হওয়ার পর, আদম 800 বছর বেঁচেছিলেন এবং তাঁর আরও ছেলেমেয়ে হল।
[5] সব মিলিয়ে, আদম মোট 930 বছর বেঁচেছিলেন, আর পরে তিনি মারা যান।
[6] 105 বছর বয়সে শেথ ইনোশের বাবা হলেন।
[7] ইনোশের বাবা হওয়ার পর শেথ 807 বছর বেঁচেছিলেন এবং তাঁর আরও ছেলেমেয়ে হল।
[8] সব মিলিয়ে, শেথ মোট 912 বছর বেঁচেছিলেন, আর পরে তিনি মারা যান।
[9] 90 বছর বয়সে ইনোশ কৈননের বাবা হলেন।
[10] কৈননের বাবা হওয়ার পর ইনোশ 815 বছর বেঁচেছিলেন এবং তাঁর আরও ছেলেমেয়ে হল।
[11] সব মিলিয়ে, ইনোশ মোট 905 বছর বেঁচেছিলেন, পরে তিনি মারা যান।
[12] 70 বছর বয়সে, কৈনন মহললেলের বাবা হলেন।
[13] মহললেলের বাবা হওয়ার পর কৈনন 840 বছর বেঁচেছিলেন এবং তাঁর আরও ছেলেমেয়ে হল।
[14] সব মিলিয়ে, কৈনন মোট 910 বছর বেঁচেছিলেন, পরে তিনি মারা যান।
[15] 65 বছর বয়সে, মহললেল যেরদের বাবা হলেন।
[16] যেরদের বাবা হওয়ার পর মহললেল 830 বছর বেঁচেছিলেন এবং তাঁর আরও ছেলেমেয়ে হল।
[17] সব মিলিয়ে, মহললেল মোট 895 বছর বেঁচেছিলেন, পরে তিনি মারা যান।
[18] 162 বছর বয়সে, যেরদ হনোকের বাবা হলেন।
[19] হনোকের বাবা হওয়ার পর যেরদ 800 বছর বেঁচেছিলেন এবং তাঁর আরও ছেলেমেয়ে হল।
[20] সব মিলিয়ে, যেরদ মোট 962 বছর বেঁচেছিলেন, পরে তিনি মারা যান।
[21] 65 বছর বয়সে হনোক, মথূশেলহের বাবা হলেন।
[22] মথূশেলহের বাবা হওয়ার পর হনোক 300 বছর ধরে বিশ্বস্ততাপূর্বক ঈশ্বরের সাথে চলাফেরা করলেন, এবং তাঁর আরও ছেলেমেয়ে হল।
[23] সব মিলিয়ে, হনোক মোট 365 বছর বেঁচেছিলেন।
[24] হনোক বিশ্বস্ততাপূর্বক ঈশ্বরের সাথে চলাফেরা করলেন; পরে তিনি অদৃশ্য হয়ে গেলেন, কারণ ঈশ্বর তাঁকে তুলে নিলেন।
[25] 187 বছর বয়সে মথূশেলহ, লেমকের বাবা হলেন।
[26] লেমকের বাবা হওয়ার পর মথূশেলহ 782 বছর বেঁচেছিলেন এবং তাঁর আরও ছেলেমেয়ে হল।
[27] সব মিলিয়ে, মথূশেলহ মোট 969 বছর বেঁচেছিলেন, পরে তিনি মারা যান।
[28] 182 বছর বয়সে লেমকের এক ছেলে হল।
[29] তিনি তার নাম দিলেন নোহ এবং বললেন, “সদাপ্রভুর দ্বারা জমি অভিশপ্ত হওয়ার কারণে হাতে কাজ করতে গিয়ে আমাদের যে ব্যথা ও কষ্টকর পরিশ্রম ভোগ করতে হচ্ছে, তা থেকে এই ছেলেটি আমাদের স্বস্তি দেবে।”
[30] নোহের জন্ম হওয়ার পর, লেমক 595 বছর বেঁচেছিলেন এবং তাঁর আরও ছেলেমেয়ে হল।
[31] সব মিলিয়ে, লেমক মোট 777 বছর বেঁচেছিলেন, পরে তিনি মারা যান।
[32] 500 বছর বয়সে নোহ, শেম, হাম ও যেফতের বাবা হলেন।