Skip to content
Opens in a new window
Listen to this chapter • 7:07

[1] সেই সময় যখন অম্রাফল শিনারের রাজা, অরিয়োক ইল্লাসরের রাজা, কদর্লায়োমর এলমের রাজা এবং তিদিয়ল গোয়ীমের রাজা,

[2] তখন এই রাজারা সদোমের রাজা বিরা, ঘমোরার রাজা বির্শা, অদ্‌মার রাজা শিনাব, সবোয়িমের রাজা শিমেবর ও বিলার (অর্থাৎ, সোয়রের) রাজার বিরুদ্ধে যুদ্ধ করতে গেলেন।

[3] শেষোক্ত এসব রাজা সিদ্দীম উপত্যকায় (অর্থাৎ, মরুসাগরের উপত্যকায়) একজোট হয়ে সেনাবাহিনী মোতায়েন করলেন।

[4] বারো বছর তাঁরা কদর্লায়োমরের শাসনাধীন হয়ে ছিলেন, কিন্তু ত্রয়োদশতম বছরে তাঁরা বিদ্রোহ ঘোষণা করলেন।

[5] চতুর্দশতম বছরে, এমীয়দের রাজা কদর্লায়োমর এবং তাঁর সঙ্গী রাজারা মরুভূমির কাছাকাছি অবস্হিত এল-পারণ পর্যন্ত এগিয়ে গিয়ে অস্তরোৎ-কর্ণয়িমে রফায়ীয়দের, হমে সুষীয়দের, শাবি-কিরিয়াথয়িমে এমীয়দের

[6] এবং সেয়ীরের পার্বত্য এলাকায় হোরীয়দের পরাজিত করলেন।

[7] পরে সেখান থেকে ফিরে এসে তাঁরা ঐনমিস্পটে (অর্থাৎ, কাদেশে) গেলেন, এবং সেই অমালেকীয়দের ও ইমোরীয়দেরও সমগ্র এলাকা তাঁরা জোর করে দখল করে নিলেন, যারা হৎসসোন-তামরে বসবাস করছিল।

[8] পরে সদোমের রাজা, ঘমোরার রাজা, অদ্‌মার রাজা, সবোয়িমের রাজা এবং বিলার (অর্থাৎ সোয়রের) রাজা কুচকাওয়াজ করে এগিয়ে গিয়ে সিদ্দীম উপত্যকায়

[9] সেই এলমের রাজা কদর্লায়োমর, গোয়ীমের রাজা তিদিয়ল, শিনারের রাজা অম্রাফল ও ইল্লাসরের রাজা অরিয়োকের বিরুদ্ধে সৈন্যশিবির স্থাপন করলেন—যে চারজন রাজা পাঁচজনের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন।

[10] ঐ সিদ্দীম উপত্যকায় প্রচুর আলকাতরার খনি ছিল, এবং সদোম ও ঘমোরার রাজারা যখন পালিয়ে যাচ্ছিলেন, তখন কয়েকটি লোক সেইসব খনিতে গিয়ে পড়ল ও বাকিরা পাহাড়ে পালিয়ে গেল।

[11] সেই চারজন রাজা সদোম ও ঘমোরার সব জিনিসপত্র ও তাঁদের সব খাবারদাবার বাজেয়াপ্ত করলেন এবং তাঁরা চলে গেলেন।

[12] তাঁরা অব্রামের ভাইপো লোটকে ও তাঁর বিষয়সম্পত্তিও তুলে নিয়ে গেলেন, যেহেতু লোট সদোমেই বসবাস করছিলেন।

[13] একজন লোক পালিয়ে গিয়ে হিব্রু অব্রামের কাছে এসে খবর দিল। অব্রাম তখন সেই ইষ্কোলের ও আনেরের এক ভাই ইমোরীয় মম্রির বিশাল গাছগুলির কাছে বসবাস করছিলেন, যাঁরা সবাই অব্রামের বন্ধু ছিলেন।

[14] অব্রাম যখন শুনলেন যে তাঁর আত্মীয়কে বন্দি করা হয়েছে, তখন তিনি তাঁর ঘরে জন্মানো 318 জন প্রশিক্ষণপ্রাপ্ত লোককে ডাক দিলেন ও দান পর্যন্ত তাঁদের পশ্চাদ্ধাবন করে গেলেন, যাঁরা লোটকে বন্দি করলেন।

[15] রাতের বেলায় তাঁদের আক্রমণ করে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য অব্রাম তাঁর লোকজনকে কয়েকটি ভাগে বিভক্ত করে দিলেন, ও দামাস্কাসের উত্তরে অবস্হিত হোবা পর্যন্ত তাঁদের পশ্চাদ্ধাবন করলেন।

[16] তিনি সব জিনিসপত্র পুনরুদ্ধার করলেন এবং তাঁর আত্মীয় লোটকে ও তাঁর বিষয়সম্পত্তি, তথা মহিলাদের ও অন্যান্য লোকজনকেও ফিরিয়ে আনলেন।

[17] অব্রাম কদর্লায়োমর ও তাঁর সঙ্গে জোট বাঁধা রাজাদের পরাজিত করে ফিরে আসার পর শাবী উপত্যকায় (অর্থাৎ, রাজার উপত্যকায়) সদোমের রাজা তাঁর সাথে দেখা করার জন্য বেরিয়ে এলেন।

[18] তখন শালেমের রাজা মল্কীষেদক রুটি ও দ্রাক্ষারস বের করে নিয়ে এলেন। তিনি পরাৎপর ঈশ্বরের যাজক ছিলেন।

[19] তিনি অব্রামকে আশীর্বাদ করে বললেন, “অব্রাম, স্বর্গ-মর্ত্যের সৃষ্টিকর্তা পরাৎপর ঈশ্বরের আশীর্বাদধন্য হোন,

[20] আর সেই পরাৎপর ঈশ্বরের প্রশংসা হোক, যিনি আপনার শত্রুদের আপনার হাতে সঁপে দিয়েছেন।” পরে অব্রাম তাঁকে নিজের সবকিছুর দশমাংশ দিলেন।

[21] সদোমের রাজা অব্রামকে বললেন, “লোকজন আমাকে দিন ও সব জিনিসপত্র আপনি নিজের কাছে রেখে দিন।”

[22] কিন্তু অব্রাম সদোমের রাজাকে বললেন, “স্বর্গ-মর্ত্যের সৃষ্টিকর্তা পরাৎপর ঈশ্বর সেই সদাপ্রভুর উদ্দেশে হাত তুলে আমি শপথ করছি

[23] যে আপনার অধিকারে থাকা কোনো কিছুই আমি গ্রহণ করব না, এমনকি একটি সুতো বা চটি-জুতোর একটি ফিতেও নয়, যেন আপনি কখনও বলতে না পারেন, ‘আমি অব্রামকে ধনবান করে তুলেছি।’

[24] আমার লোকজন যা খেয়েছে ও যারা আমার সাথে গেল—সেই আনের, ইষ্কোল ও মম্রির ভাগে যা পড়ে, সেটুকু ছাড়া আমি আর কিছুই গ্রহণ করব না। তারা তাদের ভাগ বুঝে নিক।”

আদি পুস্তক — Chapters