[1] কিছুকাল পর, মিশরের রাজার পানপাত্র বহনকারী ও রুটিওয়ালা তাদের প্রভুকে, মিশরের রাজাকে অসন্তুষ্ট করল।
[2] ফরৌণ তাঁর সেই দুই কর্মকর্তার, প্রধান পানপাত্র বহনকারী ও প্রধান রুটিওয়ালার প্রতি ক্রুদ্ধ হলেন,
[3] এবং যে জেলখানায় যোষেফ বন্দি ছিলেন, সেখানে পাহারাদারদের দলপতির হেফাজতেই তাদের রেখে দিলেন।
[4] পাহারাদারদের দলপতি তাদের দেখাশোনার দায়িত্ব যোষেফকে দিলেন, এবং তিনি তাদের পরিচর্যা করলেন। তারা কিছুকাল সেখানে বন্দি থাকার পর,
[5] দুজনের প্রত্যেকেই—যাদের জেলখানায় বন্দি করে রাখা হল, মিশরের রাজার সেই পানপাত্র বহনকারী ও রুটিওয়ালা—একই রাতে একটি করে স্বপ্ন দেখল, এবং প্রত্যেকটি স্বপ্নেরই নিজস্ব অর্থ ছিল।
[6] পরদিন সকালে যোষেফ যখন তাঁদের কাছে এলেন, তখন তিনি দেখলেন যে তারা দুজনেই বিমর্ষ হয়ে আছে।
[7] অতএব ফরৌণের যে কর্মকর্তারা তাঁর প্রভুর বাড়িতে তাঁর সঙ্গে বন্দি অবস্থায় ছিল, তাদের তিনি জিজ্ঞাসা করলেন, “আজ আপনাদের এত দুঃখিত দেখাচ্ছে কেন?”
[8] “আমরা দুজনেই স্বপ্ন দেখেছি,” তারা উত্তর দিল, “কিন্তু সেগুলি ব্যাখ্যা করে দেওয়ার কেউ নেই।” তখন যোষেফ তাদের বললেন, “ব্যাখ্যা করার মালিক কি ঈশ্বর নন? আপনাদের স্বপ্নগুলি আমায় বলুন।”
[9] অতএব প্রধান পানপাত্র বহনকারী যোষেফকে তার স্বপ্নটি বলল। সে তাঁকে বলল, “আমার স্বপ্নে আমার সামনে আমি একটি দ্রাক্ষালতা দেখলাম,
[10] এবং সেই দ্রাক্ষালতায় তিনটি শাখা ছিল। সেটিতে কুঁড়ি ফোটামাত্র ফুলও ফুটে উঠল, এবং সেটির গুচ্ছগুলি পাকা দ্রাক্ষাফলে পরিণত হল।
[11] ফরৌণের পানপাত্রটি আমার হাতে ছিল, এবং আমি সেই দ্রাক্ষাফলগুলি নিয়ে সেগুলি ফরৌণের পানপাত্রে নিংড়ে দিলাম এবং পানপাত্রটি তাঁর হাতে তুলে দিলাম।”
[12] “এই হল এর অর্থ,” যোষেফ তাকে বললেন। “তিনটি শাখা হল তিনদিন।
[13] তিনদিনের মধ্যে ফরৌণ আপনার মাথা উন্নত করবেন ও আপনাকে আপনার পদে পুনর্বহাল করবেন, এবং আপনি ফরৌণের হাতে তাঁর পানপাত্রটি তুলে দেবেন, ঠিক যেভাবে আপনি তাঁর পানপাত্র বহনকারী থাকার সময় করতেন।
[14] কিন্তু সবকিছু যখন আপনার ক্ষেত্রে ঠিকঠাক হয়ে যাবে, তখন আপনি আমায় মনে রাখবেন ও আমার প্রতি দয়া দেখাবেন; ফরৌণের কাছে আমার কথা বলবেন এবং আমাকে এই জেলখানা থেকে মুক্ত করবেন।
[15] হিব্রুদের দেশ থেকে আমাকে জোর করে ধরে আনা হয়েছে এবং এমনকি এখানেও আমি এমন কোনও কিছু করিনি যে কারণে আমাকে অন্ধকূপে থাকতে হবে।”
[16] যখন প্রধান রুটিওয়ালা দেখল যে যোষেফ এক যথাযথ ব্যাখ্যা দিয়েছেন, তখন তিনি যোষেফকে বললেন, “আমিও একটি স্বপ্ন দেখেছি: আমার মাথায় তিন ঝুড়ি রুটি রাখা ছিল।
[17] একদম উপরের ঝুড়িটিতে ফরৌণের জন্য সব ধরনের সেঁকা খাবারদাবার ছিল, কিন্তু পাখিরা আমার মাথায় রাখা সেই ঝুড়ি থেকে সেগুলি খেয়ে নিচ্ছিল।”
[18] “এই হল এর অর্থ,” যোষেফ বললেন। “সেই তিনটি ঝুড়ি হল তিনদিন।
[19] তিনদিনের মধ্যে ফরৌণ আপনার মাথা কেটে ফেলবেন ও আপনার দেহটি শূলে চড়াবেন। আর পাখিরা আপনার মাংস খুবলে খুবলে খাবে।”
[20] তৃতীয় দিনটি ছিল ফরৌণের জন্মদিন, এবং তিনি তাঁর সব কর্মকর্তার জন্য এক ভোজসভার আয়োজন করলেন। তাঁর সব কর্মকর্তার উপস্থিতিতে তিনি তাঁর প্রধান পানপাত্র বহনকারী ও প্রধান রুটিওয়ালার মাথা উন্নত করলেন:
[21] প্রধান পানপাত্র বহনকারীকে তিনি তাঁর পদে পুনর্বহাল করলেন, যেন তিনি আরও একবার ফরৌণের হাতে পানপাত্রটি তুলে দিতে পারেন—
[22] কিন্তু প্রধান রুটিওয়ালাকে তিনি শূলে চড়ালেন, ঠিক যেমনটি যোষেফ তাঁর ব্যাখ্যায় তাদের বলেছিলেন।
[23] প্রধান পানপাত্র বহনকারী, অবশ্য, যোষেফকে মনে রাখেননি; তিনি তাঁকে ভুলে গেলেন।