Skip to content
Opens in a new window
Listen to this chapter • 7:21

[1] সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হল,

[2] “হে মানবসন্তান, তুমি সোরের বিষয়ে বিলাপ করো।

[3] সোরকে বলো, সমুদ্রে ঢুকবার মুখে যে রয়েছে, অনেক উপকূলে জাতিগণের বণিক, ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, “ ‘হে সোর, তুমি বলো, “আমি সৌন্দর্যে নিখুঁত।”

[4] সমুদ্রের মধ্যে তোমার রাজ্য; তোমার নির্মাণকারীরা তোমার সৌন্দর্যে সম্পূর্ণতা এনেছে।

[5] তারা সনীর থেকে দেবদারু গাছ দিয়ে তোমার সমস্ত তক্তা তৈরি করেছে; লেবাননের সিডার গাছ নিয়ে তোমার জন্য মাস্তুল তৈরি করেছে।

[6] বাশন দেশের ওক কাঠ দিয়ে তোমার দাঁড়গুলি তৈরি করেছে; সাইপ্রাসের উপকূল থেকে চিরহরিৎ গাছের কাঠ এনে তারা তোমার পাটাতন বানিয়ে হাতির দাঁত দিয়ে সাজিয়েছে।

[7] মিশরের সুন্দর নকশা তোলা মসিনার কাপড় দিয়ে তোমার পাল তৈরি করা হয়েছিল এবং সেটি তোমার পতাকা হিসাবে ব্যবহার হতো; ইলীশা থেকে আনা নীল আর বেগুনি কাপড় ছিল তোমার চাঁদোয়া।

[8] সীদোন ও অর্বদের লোকেরা তোমার দাঁড় বাইত; হে সোর, দক্ষ লোকেরা তোমার নাবিক ছিল।

[9] গবালের প্রাচীনেরা দক্ষ লোক হিসাবে তোমার মধ্যে মেরামতের কাজ করত। সমুদ্রের সব জাহাজ ও তাদের নাবিকেরা তোমার জিনিসপত্র দেওয়া-নেওয়া করার জন্য তোমার পাশে ভিড়ত।

[10] “ ‘পারস্য, লূদ ও পূট দেশের লোকেরা তোমার সৈন্যদলে যোদ্ধার কাজ করত। তারা তাদের ঢাল ও মাথা রক্ষার টুপি তোমার দেয়ালে টাঙিয়ে তোমার জাঁকজমক বাড়িয়ে তুলত।

[11] অর্বদ ও হেলেকের লোকেরা তোমার চারপাশের প্রাচীরের উপর পাহারা দিত; গাম্মাদের লোকেরা তোমার উঁচু দুর্গ চৌকি দিত। তোমার চারপাশের দেয়ালে তারা তাদের ঢাল টাঙিয়ে রাখত; তোমার সৌন্দর্যের সম্পূর্ণতা তারাই এনেছিল।

[12] “ ‘তোমার প্রচুর ধনসম্পদের জন্য তর্শীশ তোমার সঙ্গে ব্যবসা করত; রুপো, লোহা, দস্তা ও সীসার বদলে তারা তোমার জিনিস নিত।

[13] “ ‘গ্রীস, তূবল ও মেশক তোমার সঙ্গে ব্যবসা করত; তারা তোমার জিনিসপত্রের বদলে দিত দাস-দাসী ও ব্রোঞ্জের পাত্র।

[14] “ ‘তোমার জিনিসপত্রের বদলে বৈৎ-তোগর্মের লোকেরা দিত ঘোড়া, যুদ্ধের ঘোড়া ও খচ্চর।

[15] “ ‘দদানের লোকেরা তোমার সঙ্গে ব্যবসা করত, এবং উপকূলের অনেকেই তোমার ক্রেতা ছিল; তারা হাতির দাঁত ও আবলুস কাঠ দিয়ে তোমার দাম মিটাত।

[16] “ ‘তোমার তৈরি অনেক জিনিসের জন্য আরাম তোমার সঙ্গে ব্যবসা করত; তোমার জিনিসপত্রের বদলে তারা দিত ফিরোজা মণি, বেগুনি কাপড়, নকশা তোলা কাপড়, মসিনা কাপড়, প্রবাল ও পদ্মরাগমণি।

[17] “ ‘যিহূদা ও ইস্রায়েল তোমার সঙ্গে ব্যবসা করত; তারা তোমার জিনিসের বদলে মিন্নীতের গম, খাবার জিনিস, মধু, তেল ও সুগন্ধি মলম দিত।

[18] “ ‘তোমার তৈরি অনেক জিনিস ও প্রচুর ধনসম্পদের জন্য দামাস্কাস তোমার বণিক ছিল, তারা হিলবোনের দ্রাক্ষারস এবং জাহার থেকে পশম এনে ব্যবসা করত

[19] এবং বদান ও যবন উষল থেকে লোকেরা এসে তোমার জিনিসপত্রের বদলে নিয়ে যেত পিটানো লোহা, নীরসে ধরনের দারুচিনি ও বচ।

[20] “ ‘দদান তোমার সঙ্গে ঘোড়ার পিঠের গদির কাপড়ের ব্যবসা করত।

[21] “ ‘আরব ও কেদরের শাসনকর্তারা ছিল তোমার ক্রেতা; তারা তোমার জিনিসের বদলে মেষের বাচ্চা, মেষ ও ছাগল দিত।

[22] “ ‘শিবা ও রয়মার ব্যবসায়ীরা তোমার সঙ্গে ব্যবসা করত; তোমার জিনিসপত্রের বদলে তারা দিত সব রকমের ভালো ভালো মশলা, দামি পাথর ও সোনা।

[23] “ ‘হারণ, কন্নী, এদন ও শিবার ব্যবসায়ীরা এবং আসিরিয়া ও কিলমদ তোমার সঙ্গে ব্যবসা করত।

[24] তারা তোমার বাজারে সুন্দর সুন্দর পোশাক, নীল কাপড়, নকশা তোলা কাপড় এবং বিভিন্ন রংয়ের গালিচা দড়ি দিয়ে শক্ত করে বেঁধে আনত।

[25] “ ‘তর্শীশের জাহাজগুলি তোমার জিনিসপত্র বয়ে নিয়ে আসত। সমুদ্রের মাঝখানে ভারী জিনিসপত্র নিয়ে তুমি পূর্ণ ছিলে।

[26] যারা দাঁড় বাইত তারা তোমাকে দূর সমুদ্রে নিয়ে যাবে। কিন্তু সমুদ্রের মাঝখানে পূবের বাতাসে তোমাকে টুকরো টুকরো করে দেবে।

[27] তোমার ধনসম্পদ, ব্যবসার জিনিস ও অন্যান্য জিনিস, তোমার নাবিকেরা, মেরামতকারীরা, তোমার ব্যবসায়ীরা ও তোমার সব সৈন্যেরা এবং তোমার জাহাজে থাকা অন্য সকলে সমুদ্রের মাঝখানে ডুবে যাবে যেদিন তোমার জাহাজডুবি হবে।

[28] তোমার নাবিকদের চিৎকারে সমুদ্রের পাড়ের জায়গাগুলি কেঁপে উঠবে।

[29] যারা দাঁড় টানে তারা সবাই তাদের জাহাজ ছেড়ে চলে যাবে; নাবিকেরা সকলে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে থাকবে।

[30] তারা তোমার জন্য চিৎকার করে খুব কান্নাকাটি করবে; তারা তাদের মাথায় ধুলা দেবে ও ছাইয়ের মধ্যে গড়াগড়ি দেবে।

[31] তোমার জন্য তারা তাদের মাথা কামিয়ে ফেলবে এবং ছালার চট পরবে। তারা মনের দুঃখে তোমার জন্য বিলাপ করে করে কাঁদবে।

[32] তারা তোমার জন্য জোরে জোরে কাঁদবে ও শোক করবে, তোমাকে নিয়ে তারা এই বিলাপ করবে “সমুদ্রে ঘেরা সোরের মতো করে আর কাউকে কি চুপ করিয়ে দেওয়া হয়েছে?”

[33] তোমার ব্যবসার জিনিসপত্র যখন সমুদ্রে বের হত তখন তুমি অনেক জাতিকে তৃপ্ত করতে; তোমার প্রচুর ধনসম্পদ ও জিনিসপত্র দিয়ে তুমি পৃথিবীর রাজাদের ধনী করতে।

[34] তুমি এখন সমুদ্রের আঘাতে গভীর জলের মধ্যে চুরমার হয়েছ; তোমার জিনিসপত্র ও তোমার সব লোক তোমার সঙ্গে ডুবে গেছে।

[35] যারা উপকূলে বাস করে তারা তোমার অবস্থা দেখে হতভম্ব; তাদের রাজারা ভয়ে কেঁপে উঠছে এবং তাদের মুখ ভয়ে বিকৃত হয়ে গেছে।

[36] জাতিগণের মধ্যের ব্যবসায়ীরা তোমাকে দেখে টিটকারি দেয়; তুমি ভয়ংকরভাবে শেষ হয়ে গিয়েছ আর তুমি থাকবে না।’ ”

যিহিষ্কেল — Chapters