Skip to content
Opens in a new window
Listen to this chapter • 2:18

[1] তিনি আমাকে বললেন, “হে মানবসন্তান, তুমি পায়ে ভর দিয়ে দাঁড়াও, আমি তোমার সঙ্গে কথা বলব।”

[2] তিনি যখন কথা বলছিলেন তখন ঈশ্বরের আত্মা আমার মধ্যে এসে আমাকে পায়ে ভর দিয়ে দাঁড় করালেন আর আমি শুনলাম তিনি আমার সঙ্গে কথা বলছেন।

[3] তিনি বললেন “হে মানবসন্তান, আমি তোমাকে ইস্রায়েলীদের কাছে পাঠাচ্ছি, সেই বিদ্রোহী জাতি যারা আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছে; তারা ও তাদের পূর্বপুরুষেরা আজ পর্যন্ত আমার বিরুদ্ধে বিদ্রোহ করছে।

[4] যে লোকদের কাছে আমি তোমাকে পাঠাচ্ছি তারা একগুঁয়ে ও জেদি। তাদের বলবে, ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন।’

[5] আর তারা শুনুক বা না শুনুক—কারণ তারা বিদ্রোহীকুল—তারা জানতে পারবে যে একজন ভাববাদী তাদের মধ্যে আছেন।

[6] আর তুমি, মানবসন্তান, তুমি তাদের ও তাদের কথায় ভয় পেয়ো না। যদিও তারা শিয়ালকাঁটা ও কাঁটাঝোপের মতো তোমার চারপাশে থাকবে এবং তুমি কাঁকড়াবিছের মধ্যে বাস করবে। তাদের কথা শুনে বা তাদের দেখে ভয় পেয়ো না, যদিও তারা বিদ্রোহীকুল।

[7] তুমি তাদের কাছে আমার কথা বলবে, তারা শুনুক বা না শুনুক, কারণ তারা বিদ্রোহী।

[8] কিন্তু তুমি, মানবসন্তান, আমি যা বলছি তা শোনো। সেই বিদ্রোহীকুলের মতন বিদ্রোহী হইয়ো না; তোমার মুখ খোলো আর আমি যা তোমাকে দিচ্ছি তা খাও।”

[9] তখন আমি তাকিয়ে দেখলাম আমার দিকে একটি হাত বাড়ানো রয়েছে। তাতে রয়েছে একটি গুটিয়ে রাখা বই,

[10] যেটি তিনি আমার সামনে খুলে ধরলেন। তার দুদিকেই লেখা ছিল বিলাপ, শোক ও দুঃখের কথা।

যিহিষ্কেল — Chapters