Skip to content
Opens in a new window
Listen to this chapter • 4:29

[1] এখন ভাইবোনেরা, এসব কখন ঘটবে, সেই সময় ও কালের বিষয়ে তোমাদের কিছু লেখা অনাবশ্যক।

[2] কারণ, তোমরা ভালোভাবেই জানো, রাতের বেলা যেমন চোর আসে, সেভাবেই প্রভুর দিন উপস্থিত হবে।

[3] লোকেরা যখন “শান্তি ও নিরাপত্তার” কথা বলে, তখন গর্ভবতী নারীর প্রসববেদনার মতো অকস্মাৎ তাদের উপর ধ্বংস নেমে আসবে; তারা কোনোক্রমেই তা এড়াতে পারবে না।

[4] কিন্তু ভাইবোনেরা, তোমরা তো অন্ধকারে থাকো না, তাই সেদিন তোমাদের চোরের মতো বিস্মিত করে তুলবে না।

[5] তোমরা সবাই জ্যোতির সন্তান এবং দিবসের সন্তান। আমরা রাত্রির নই বা অন্ধকারেরও নই।

[6] তাই, অন্যদের মতো আমরা যেন নিদ্রামগ্ন না হই। আমরা যেন সচেতন থাকি ও আত্মসংযমী হই।

[7] কারণ যারা নিদ্রা যায়, তারা রাত্রেই নিদ্রা যায় এবং মদ্যপানকারীরা রাত্রেই মত্ত হয়।

[8] কিন্তু আমরা যেহেতু দিবসের সন্তান, তাই এসো, আমরা আত্মসংযমী হয়ে উঠি; বিশ্বাস এবং ভালোবাসাকে করি বক্ষত্রাণ, পরিত্রাণের প্রত্যাশাকে করি শিরস্ত্রাণ।

[9] কারণ ঈশ্বর তাঁর রোষের শিকার হওয়ার জন্য নয়, কিন্তু আমাদের প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে পরিত্রাণ লাভের জন্য আমাদের নিযুক্ত করেছেন।

[10] আমরা জীবিত থাকি বা নিদ্রাগত হই, তাঁরই সঙ্গে যেন জীবনধারণ করি, এই উদ্দেশ্যে তিনি আমাদের জন্য মৃত্যুবরণ করেছেন।

[11] অতএব তোমরা এখন যেমন করছ, সেভাবেই পরস্পরকে প্রেরণা দাও এবং একজন আর একজনকে গড়ে উঠতে সাহায্য করো।

[12] ভাইবোনেরা, আমরা তোমাদের অনুরোধ করছি, তোমাদের মধ্যে যাঁরা কঠোর পরিশ্রম করেন, যাঁরা প্রভুতে তোমাদের উপরে নিযুক্ত আছেন, যাঁরা তোমাদের সতর্ক করেন, তাঁদের সম্মান কোরো।

[13] তাঁদের পরিষেবার জন্য ভালোবেসে সর্ব্বোচ্চ শ্রদ্ধা জানিয়ো। পরস্পরের সঙ্গে শান্তিতে বসবাস কোরো।

[14] ভাইবোনেরা, আমরা তোমাদের মিনতি করছি, যারা অলস, তাদের সতর্ক কোরো, ভীরু প্রকৃতির ব্যক্তিকে প্রেরণা দিয়ো, দুর্বলকে সাহায্য কোরো, প্রত্যেকের প্রতি সহনশীলতা দেখিয়ো।

[15] দেখো, কেউ যেন অন্যায়ের প্রতিশোধ নিতে অন্যায় না করে, পরস্পরের এবং অন্যান্য সকলের প্রতি সবসময় সহৃদয় হতে চেষ্টা করে।

[16] সবসময় আনন্দ কোরো;

[17] অবিরত প্রার্থনা কোরো;

[18] সমস্ত পরিস্থিতিতেই ধন্যবাদ জ্ঞাপন কোরো, কারণ খ্রীষ্ট যীশুতে তোমাদের জন্য এই হল ঈশ্বরের অভিপ্রায়।

[19] আত্মার আগুন নির্বাপিত কোরো না।

[20] কোনও ভাববাণী অগ্রাহ্য কোরো না।

[21] সবকিছু পরীক্ষা করে দেখো। যা কিছু উৎকৃষ্ট, তা ধরে রাখো।

[22] যা কিছু মন্দ, তা এড়িয়ে চলো।

[23] শান্তির ঈশ্বর স্বয়ং তোমাদের সর্বতোভাবে পবিত্র করে তুলুন। আমাদের প্রভু যীশু খ্রীষ্টের আগমনকালে তোমাদের সমগ্র আত্মা, প্রাণ ও দেহ, অনিন্দনীয়রূপে রক্ষিত হোক।

[24] যিনি তোমাদের আহ্বান করেন, তিনি বিশ্বস্ত, তিনিই তা সাধন করবেন।

[25] ভাইবোনেরা, আমাদের জন্য প্রার্থনা কোরো।

[26] পবিত্র চুম্বনে সব বিশ্বাসীকে সাদর সম্ভাষণ জানিয়ো।

[27] প্রভুর সাক্ষাতে আমি তোমাদের মিনতি করছি, সব ভাইবোনেদের কাছে এই পত্র যেন পাঠ করা হয়।

[28] আমাদের প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহ তোমাদের সঙ্গে বিরাজ করুক।

1 থিষলনীকীয় — Chapters