[1] সেই কারণে, আর ধৈর্যধারণ করতে না-পেরে, আমরা মনস্থির করলাম যে, এথেন্সেই থেকে যাব।
[2] খ্রীষ্টের সুসমাচার প্রচারের ক্ষেত্রে আমাদের ভাই ও ঈশ্বরের সহকর্মী তিমথিকে পাঠিয়েছিলাম, যেন তিনি তোমাদের বিশ্বাসে সবল করেন ও উত্সাহ প্রদান করেন,
[3] যেন এসব দুঃখকষ্টের সময় কেউ বিচলিত হয়ে না পড়ে। তোমরা নিঃসংশয়েই জানো যে, পূর্ব থেকেই আমরা এসবের জন্য নির্ধারিত হয়ে আছি।
[4] বাস্তবিক, তোমাদের সঙ্গে থাকার সময়েই আমরা তোমাদের বারবার বলেছিলাম যে, আমাদের অত্যাচারিত হতে হবে। আর তোমরা ভালোভাবেই জানো, সেভাবেই তা ঘটেছে।
[5] এই কারণে, আর ধৈর্যধারণ করতে না-পেরে, তোমাদের বিশ্বাস সম্পর্কে জানার জন্য আমি তাঁকে পাঠিয়েছিলাম। আমার আশঙ্কা ছিল, প্রলুব্ধকারী হয়তো কোনো ভাবে তোমাদের প্রলুব্ধ করে থাকতে পারে এবং আমাদের সমস্ত প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে।
[6] কিন্তু তোমাদের কাছ থেকে সদ্য প্রত্যাগত তিমথি তোমাদের বিশ্বাস এবং ভালোবাসা সম্পর্কে সুসংবাদ নিয়ে এসেছেন। তিনি আমাদের বলেছেন যে, তোমরা সবসময় আমাদের কথা আনন্দের সঙ্গে স্মরণ করে থাকো এবং আমরা যেমন তোমাদের দেখতে উত্সুক, তোমরাও তেমনই আমাদের দেখার জন্য আগ্রহী।
[7] অতএব, ভাইবোনেরা, আমাদের সমস্ত দুর্দশা ও লাঞ্ছনার মধ্যেও তোমাদের বিশ্বাসের কথা শুনে আমরা আশ্বস্ত হয়েছি।
[8] প্রভুতে তোমরা স্থির আছো, তা জানতে পেরে আমরা সঞ্জীবিত হয়ে উঠছি।
[9] তোমাদের জন্য আমাদের ঈশ্বরের সান্নিধ্যে যে আনন্দ আমাদের আছে, তার প্রতিদানে ঈশ্বরকে কীভাবে যে পর্যাপ্তরূপে ধন্যবাদ দেব!
[10] আবার তোমাদের সঙ্গে মিলিত হয়ে যেন তোমাদের বিশ্বাসের ঘাটতি পূরণ করতে পারি, এজন্য আকুল আগ্রহে দিন-রাত আমরা প্রার্থনা করেছি।
[11] এখন, আমাদের ঈশ্বর ও পিতা স্বয়ং এবং আমাদের প্রভু যীশু তোমাদের কাছে আসার জন্য আমাদের পথ পরিষ্কার করুন।
[12] প্রভু তোমাদের ভালোবাসাকে বর্ধিত করুন এবং তোমাদের প্রতি আমাদের ভালোবাসা যেমন উপচে পড়ে, তেমনই পরস্পরের ও অন্য সকলের প্রতি তোমাদের ভালোবাসা উপচে পড়ুক।
[13] তোমাদের অন্তরকে তিনি সবল করুন, যেন আমাদের প্রভু যীশু তাঁর সমস্ত পবিত্রজনের সঙ্গে যেদিন আসবেন, সেদিন তোমরা আমাদের ঈশ্বর ও পিতার সান্নিধ্যে অনিন্দনীয় ও পবিত্ররূপে প্রতিষ্ঠিত হতে পারো।