Skip to content
Opens in a new window
Listen to this chapter • 5:43

[1] ভাইবোনেরা, তোমরা জানো, তোমাদের সঙ্গে আমাদের সাক্ষাৎ করা ব্যর্থ হয়নি।

[2] তোমরা জানো, আমরা ফিলিপীতে পূর্বেই তাড়িত ও অপমানিত হয়েছিলাম, কিন্তু প্রবল বিরোধিতা সত্ত্বেও আমাদের ঈশ্বরের সহায়তায় তোমাদের কাছে তাঁর সুসমাচারের কথা বলতে সাহসী হয়েছিলাম।

[3] ভ্রান্তির বশে, অথবা অসৎ উদ্দেশ্যে আমরা আবেদন জানাইনি, আমরা কাউকে প্রতারিত করারও চেষ্টা করিনি,

[4] বরং, ঈশ্বরের গ্রহণযোগ্য ব্যক্তিরূপে, যাদের কাছে সুসমাচার অর্পিত হয়েছিল আমরা কথা বলেছিলাম। আমরা মানুষকে সন্তুষ্ট করার চেষ্টা করিনি, কিন্তু সন্তুষ্ট করতে চেয়েছি ঈশ্বরকে, যিনি আমাদের হৃদয় পরীক্ষা করেন।

[5] তোমরা জানো, আমরা কখনও তোষামোদ করিনি, মুখোশের আড়ালে লোভকে ঢাকিনি—ঈশ্বর আমাদের সাক্ষী।

[6] আমরা কোনো মানুষের প্রশংসা পাওয়ার চেষ্টা করিনি, তোমাদের কাছে নয় বা অন্য কারও কাছে নয়। খ্রীষ্টের প্রেরিতশিষ্যরূপে আমরা আমাদের কর্তৃত্ব প্রয়োগ করতে পারতাম,

[7] কিন্তু তা না করে, আমরা শিশুদের মতো তোমাদের কাছে নতনম্র হয়েছিলাম, যেমন মা তাঁর শিশু সন্তানদের লালনপালন করেন,

[8] আমরা তেমনই তোমাদের প্রতি যত্নশীল ছিলাম। আমরা তোমাদের এত ভালোবেসেছিলাম যে, শুধু ঈশ্বরের সুসমাচারই নয়, কিন্তু তোমাদের সানন্দে আমাদের জীবনেরও শরিক করেছিলাম, তোমরা ছিলে আমাদের কাছে এতই প্রিয়।

[9] ভাইবোনেরা, আমাদের কঠোর পরিশ্রম এবং কষ্টস্বীকারের কথা তোমাদের নিশ্চয় মনে আছে। তোমাদের কাছে ঈশ্বরের সুসমাচার প্রচারের সময়, আমরা যেন কারও ভারস্বরূপ না হই, সেজন্য আমরা দিনরাত পরিশ্রম করেছি।

[10] তোমরা যারা বিশ্বাস করেছিলে, তাদের মধ্যে আমরা কেমন পবিত্র, ধার্মিক ও নিষ্কলুষ জীবনযাপন করেছি—তোমরা এবং ঈশ্বরও তার সাক্ষী।

[11] তোমরা জানো, পিতা তাঁর নিজের সন্তানদের প্রতি যেমন আচরণ করেন, আমরাও তোমাদের প্রত্যেকের সঙ্গে তেমনই আচরণ করেছি।

[12] আমরা তোমাদেরও তেমনই উদ্ধুদ্ধ করছি, সান্ত্বনা দিচ্ছি ও সনির্বন্ধ অনুরোধ করছি, যেন ঈশ্বর তাঁর যে রাজ্যে ও মহিমায় তোমাদের আহ্বান করেছেন, তোমরা তার যোগ্যরূপে জীবনযাপন করো।

[13] আমরাও এজন্য ঈশ্বরকে অবিরত ধন্যবাদ জানাই যে, আমাদের কাছে শুনে তোমরা যখন ঈশ্বরের বাক্য গ্রহণ করেছিলে, সেটি মানুষের নয়, ঈশ্বরের বলেই গ্রহণ করেছিলে এবং প্রকৃতপক্ষে সে তো ঈশ্বরেরই বাক্য; তোমরা যারা বিশ্বাস করেছ, তোমাদের অন্তরে সেই বাক্য কাজ করে চলেছে।

[14] কারণ ভাইবোনেরা, তোমরা খ্রীষ্ট যীশুতে যিহূদিয়াস্থিত ঈশ্বরের মণ্ডলীগুলির অনুকরণ করেছিলে, ইহুদিদের হাতে যেসব মণ্ডলী তাড়িত হয়েছিল, তোমরা তাদেরই মতো নিজেদের স্বজাতির হাতে লাঞ্ছনা ভোগ করেছ।

[15] ইহুদিরাই তো প্রভু যীশুকে ও ভাববাদীদের হত্যা করেছিল এবং আমাদেরও বিতাড়িত করেছিল। তারা ঈশ্বরকে অসন্তুষ্ট করে এবং সমস্ত লোকের তারা বিরোধী,

[16] যেন অইহুদিদের কাছে আমরা পরিত্রাণের সুসমাচার প্রচার করতে না পারি, এভাবেই তারা সবসময় তাদের পাপের বোঝা পূর্ণ করে চলেছে। তাদের উপর ঈশ্বরের রোষ অবশেষে নেমে এসেছে।

[17] কিন্তু ভাইবোনেরা, আমরা যখন তোমাদের কাছ থেকে কিছু সময়ের জন্য বিচ্ছিন্ন হয়ে পড়েছিলাম, তখন (মানসিকভাবে নয়, কিন্তু শারীরিকভাবে) তোমাদের দেখার জন্য আকুল হয়ে সব ধরনের চেষ্টা করেছি।

[18] আমরা তোমাদের কাছে আসতে চেয়েছিলাম, প্রকৃতপক্ষে আমি পৌল দু-একবার চেষ্টা করেছি, কিন্তু শয়তান আমাদের বাধা দিয়েছে।

[19] কারণ আমাদের প্রত্যাশা, আমাদের আনন্দ, অথবা আমাদের প্রভু যীশুর আগমনকালে আমাদের গৌরব-মুকুট কী?

[20] তা কি তোমরাই নও? প্রকৃতপক্ষে, তোমরাই আমাদের গৌরব ও আনন্দস্বরূপ।

1 থিষলনীকীয় — Chapters