Skip to content
Opens in a new window
Listen to this chapter • 5:28

[1] দেখো, ঈশ্বর কেমন অপর্যাপ্তরূপে তাঁর ভালোবাসা আমাদের প্রদান করেছেন, যেন আমরা ঈশ্বরের সন্তানরূপে অভিহিত হই। আর আমরা প্রকৃতপক্ষে তাই। জগৎ এজন্য আমাদের জানে না, কারণ সে তাঁকে জানত না।

[2] প্রিয় বন্ধুরা, বর্তমানে আমরা ঈশ্বরের সন্তান এবং আমরা কী-হব, তা এখনও প্রকাশিত হয়নি। কিন্তু আমরা জানি, যখন তিনি প্রকাশিত হবেন, আমরা তাঁরই অনুরূপ হব, কারণ তিনি যেমন আছেন, আমরা তেমনই তাঁকে দেখতে পাব।

[3] তাঁর প্রতি যার এই প্রত্যাশা আছে, তিনি যেমন শুদ্ধ, সে নিজেকেও তেমনই শুদ্ধ করে।

[4] যে কেউ পাপ করে, সে বিধান লঙ্ঘন করে; প্রকৃতপক্ষে, বিধান লঙ্ঘনই পাপ।

[5] কিন্তু তোমরা জানো যে, আমাদের পাপ হরণের জন্য তিনি প্রকাশিত হয়েছিলেন এবং তাঁর মধ্যে পাপের লেশমাত্র নেই।

[6] যে তাঁর মধ্যে বাস করে, সে পাপে লিপ্ত থাকে না। যে অবিরত পাপ করতেই থাকে, সে তাঁকে দেখেনি, তাঁকে জানেও না।

[7] প্রিয় সন্তানেরা, তোমাদের বিপথে চালিত করতে কাউকে দিয়ো না। যে ন্যায়সঙ্গত আচরণ করে, সে ধার্মিক, যেমন তিনি ধার্মিক।

[8] যে পাপাচরণ করে, সে দিয়াবলের, কারণ দিয়াবল আদি থেকেই পাপাচরণ করে আসছে। ঈশ্বরের পুত্র এই কারণেই প্রকাশিত হয়েছেন, যেন দিয়াবলের সব কাজ ধ্বংস করেন।

[9] ঈশ্বর থেকে জাত কোনো ব্যক্তি পাপে লিপ্ত থাকতে পারে না, কারণ ঈশ্বরের বীর্য তার মধ্যে থাকে; সে ক্রমাগত পাপ করে যেতে পারে না, কারণ সে ঈশ্বর থেকে জাত।

[10] এভাবেই আমরা জানতে পারি, কারা ঈশ্বরের সন্তান, আর কারা দিয়াবলের সন্তান। যে ন্যায়সংগত আচরণ করে না, সে ঈশ্বরের সন্তান নয়; যে তার ভাইবোনকে ভালোবাসে না, সে-ও নয়।

[11] কারণ প্রথম থেকেই তোমরা এই শিক্ষা শুনেছ যে, আমাদের পরস্পরকে ভালোবাসা উচিত।

[12] তোমরা কয়িনের মতো হয়ো না; সে ছিল সেই পাপাত্মার দলভুক্ত এবং তার ভাইয়ের হত্যাকারী। সে কেন তাকে হত্যা করেছিল? কারণ তার নিজের কাজ ছিল মন্দ এবং তার ভাইয়ের ছিল ন্যায়সঙ্গত।

[13] প্রিয় ভাইবোনেরা, জগৎ যদি তোমাদের ঘৃণা করে, তাহলে আশ্চর্য হোয়ো না।

[14] আমরা জানি, মৃত্যু থেকে আমরা জীবনে উত্তীর্ণ হয়েছি, কারণ আমাদের ভাইবোনদের আমরা ভালোবাসি; যে ভালোবাসে না, সে মৃত্যুর মাঝেই অবস্থান করে।

[15] যে তার ভাই ভাইবোনকে ঘৃণা করে, সে নরঘাতক এবং তোমরা জানো যে, কোনো নরঘাতকের অন্তরে অনন্ত জীবন অবস্থিতি করে না।

[16] ভালোবাসার অর্থ আমরা এভাবেই জানতে পারি: যীশু খ্রীষ্ট আমাদের জন্য জীবন দিয়েছিলেন। আমাদেরও তেমনই ভাইবোনদের জন্য নিজেদের প্রাণ বিসর্জন দেওয়া উচিত।

[17] জাগতিক সম্পদের অধিকারী হয়ে কেউ যদি তার ভাইবোনকে অভাবগ্রস্ত দেখে, কিন্তু তার প্রতি করুণাবিষ্ট না হয়, তাহলে তার অন্তরে ঈশ্বরের ভালোবাসা কীভাবে থাকতে পারে?

[18] প্রিয় সন্তানেরা, এসো, মুখের কথায় অথবা ভাষণে নয়, কিন্তু কাজ করে ও সত্যের মাধ্যমেই আমরা ভালোবাসি।

[19] এভাবেই আমরা জানতে পারি যে, আমরা সত্যের এবং কীভাবে তাঁর সান্নিধ্যে আমাদের হৃদয় আশ্বস্ত করব, যখন আমাদের হৃদয় আমাদের দোষী সাব্যস্ত করে। কারণ ঈশ্বর আমাদের হৃদয়ের চেয়ে মহান এবং তিনি সবকিছুই জানেন।

[21] প্রিয় বন্ধুরা, আমাদের হৃদয় যদি আমাদের দোষী সাব্যস্ত না করে, তাহলে ঈশ্বরের সাক্ষাতে আমাদের দৃঢ় বিশ্বাস জন্মায়

[22] এবং আমাদের প্রার্থিত সবকিছুই আমরা তাঁর কাছ থেকে পাই; কারণ আমরা তাঁর আদেশগুলি পালন করি এবং তাঁর প্রীতিজনক কাজ করি।

[23] আর তাঁর আদেশ এই: আমরা যেন তাঁর পুত্র যীশু খ্রীষ্টের নামে বিশ্বাস করি এবং তাঁর নির্দেশমতো পরস্পরকে ভালোবাসি।

[24] যারা তাঁর আদেশ পালন করে, তারা তাঁর মধ্যেই বাস করে এবং তিনিও তাদের মধ্যে বাস করেন। আবার তিনি যে আত্মা আমাদের দিয়েছেন, তাঁর দ্বারা আমরা জানতে পারি যে, তিনি আমাদের মধ্যে আছেন।

1 যোহন — Chapters