[1] যোষেফের জন্য বরাদ্দ অংশ জর্ডনে, যিরীহোর জলাশয়ের পূর্বে শুরু হল, এবং সেখান থেকে মরুভূমি হয়ে বেথেলের পার্বত্য অঞ্চলে উঠে গেল।
[2] তা বেথেল (অর্থাৎ, লূস) থেকে এগিয়ে গিয়ে অটারোতে অর্কীয়দের এলাকায় পৌঁছাল।
[3] সেখান থেকে পশ্চিমদিকে নেমে গিয়ে তা নিম্নতর বেথ-হোরোণের এলাকা ও গেষর হয়ে যফ্লেটীয়দের এলাকায় পৌঁছে, ভূমধ্যসাগরে গিয়ে শেষ হল।
[4] অতএব যোষেফের বংশধর, মনঃশি ও ইফ্রয়িম, তাদের উত্তরাধিকার লাভ করল।
[5] গোষ্ঠী অনুসারে এই হল ইফ্রয়িমের এলাকা: তাদের উত্তরাধিকারের সীমানা পূর্বে অটারোৎ-অদ্দর থেকে উচ্চতর বেথ-হোরোণ পর্যন্ত গেল
[6] এবং তা ভূমধ্যসাগর পর্যন্ত বিস্তৃত হল। উত্তরে মিক্মথৎ থেকে পূর্বদিকে বাঁক নিয়ে তা তানৎ-শীলো পর্যন্ত গিয়ে, তা অতিক্রম করে পূর্বদিকে যানোহ পর্যন্ত গেল।
[7] পরে যানোহ থেকে নেমে তা অটারোৎ ও নারার দিকে গেল, ও যিরীহো স্পর্শ করে তা জর্ডনে বেরিয়ে এল।
[8] তপূহ থেকে সেই সীমানা পশ্চিমে কান্না গিরিখাতের দিকে গেল ও ভূমধ্যসাগরে গিয়ে শেষ হল। গোষ্ঠী অনুসারে, এই হল ইফ্রয়িম বংশের উত্তরাধিকার।
[9] এতে মনঃশি সন্তানদের উত্তরাধিকারের মধ্যে পড়া সেইসব নগর ও সেগুলির সন্নিহিত গ্রামগুলিও যুক্ত হল, যেগুলি ইফ্রয়িম সন্তানদের জন্য পৃথক করা হল।
[10] গেষরে বসবাসকারী কনানীয়দের তারা অধিকারচ্যুত করেনি; আজও পর্যন্ত সেই কনানীয়েরা ইফ্রয়িমের লোকদের সঙ্গে বসবাস করছে, কিন্তু বেগার শ্রমিকের কাজ করতে তাদের বাধ্য করা হয়েছে।