Skip to content
Opens in a new window
Listen to this chapter • 2:38

[1] আমার আত্মা ভেঙে খানখান হয়ে গিয়েছে, আমার আয়ুর দিনগুলি সংক্ষিপ্ত করা হয়েছে, কবর আমার জন্য অপেক্ষা করে আছে।

[2] বিদ্রুপকারীরা নিশ্চয় আমাকে ঘিরে ধরেছে; তাদের বিরোধিতা আমি চাক্ষুষ দেখতে পাচ্ছি।

[3] “হে ঈশ্বর, আমার কাছে অঙ্গীকার করো। আর কে-ই বা আমার জন্য জামিনদার হবে?

[4] তুমি তাদের বুদ্ধিবিবেচনা লোপ পেতে দিয়েছ; তাই তুমি তাদের জয়লাভ করতে দেবে না।

[5] যদি কেউ পুরস্কার লাভের আশায় তাদের বন্ধুদের নিন্দা করে, তবে তাদের সন্তানদের চোখ নিষ্প্রভ হয়ে যাবে।

[6] “ঈশ্বর সকলের কাছে আমাকে নিন্দার এক পাত্রে পরিণত করেছেন, আমি এমন এক মানুষ যার মুখে সবাই থুতু দেয়।

[7] বিষাদে আমার চোখ নিষ্প্রভ হয়ে গিয়েছে; আমার সমগ্র শরীর নিছক এক ছায়ামাত্র।

[8] ন্যায়পরায়ণ লোকেরা তা দেখে হতভম্ব হয়ে যায়; নিরীহ লোকেরা অধার্মিকদের বিরুদ্ধে সক্রিয় হয়ে ওঠে।

[9] তা সত্ত্বেও, ধার্মিকেরা নিজেদের পথ ধরে এগিয়ে যাবে, ও যাদের হাত শুচিশুদ্ধ, তারা ক্রমাগত শক্তিশালী হয়েই যাবে।

[10] “কিন্তু তোমরা সবাই এসো, আবার চেষ্টা করো! আমি তোমাদের মধ্যে কাউকেই জ্ঞানবান দেখছি না।

[11] আমার দিন শেষ হয়েছে, আমার পরিকল্পনাগুলি ভেঙে খানখান হয়ে গিয়েছে। তবুও আমার হৃদয়ের বাসনাগুলি

[12] রাতকে দিনে পরিণত করে; অন্ধকার সরাসরি আলোর কাছে চলে আসে।

[13] যদি কবরকেই আমি আমার একমাত্র ঘর বলে ধরে নিই, যদি অন্ধকারের রাজত্বেই আমি আমার বিছানা পাতি,

[14] যদি অবক্ষয়কে আমি বলি, ‘তুমি আমার বাবা,’ ও পোকামাকড়কে বলি, ‘তুমি আমার মা’ বা ‘আমার বোন,’

[15] তবে কোথায় আমার আশা— আমার আশা কে দেখতে পাবে?

[16] তা কি মৃত্যুদুয়ারে নেমে যাবে? আমরা সবাই কি একসাথে ধুলোয় মিশে যাব?”

ইয়োব — Chapters