[1] মনিবেরা, তোমরা তোমাদের দাসদের সঙ্গে ন্যায়সঙ্গত ও শোভন আচরণ কোরো, কারণ তোমরা জানো, স্বর্গে তোমাদেরও এক প্রভু আছেন।
[2] তোমরা সচেতনভাবে ও ধন্যবাদের সঙ্গে প্রার্থনায় নিবিষ্ট থাকো।
[3] আমাদের জন্যও প্রার্থনা কোরো, যেন ঈশ্বর আমাদের জন্য বাক্যের দ্বার উন্মুক্ত করে দেন এবং আমরা খ্রীষ্টের গুপ্তরহস্য ঘোষণা করতে পারি, যে কারণে আমি শৃঙ্খলিত আছি।
[4] প্রার্থনা কোরো, যেন যেমন উচিত, আমি তা স্পষ্টরূপে ব্যক্ত করতে পারি।
[5] বাইরের লোকদের সঙ্গে আচরণে বিজ্ঞতার পরিচয় দিয়ো, প্রত্যেক সুযোগের সর্বাধিক সদব্যবহার কোরো।
[6] তোমাদের আলাপ-আলোচনা যেন সবসময় অনুগ্রহ-সম্বলিত ও লবণে আস্বাদযুক্ত হয় এবং কাকে কীভাবে উত্তর দিতে হবে, তা যেন তোমরা জানতে পারো।
[7] আমার সব খবর তুখিক তোমাদের জানাবেন। তিনি একজন প্রিয় ভাই, বিশ্বস্ত পরিচারক এবং প্রভুতে আমার সহদাস।
[8] তাঁর কাছ থেকে তোমরা যেন আমাদের পরিস্থিতি সম্বন্ধে জানতে পারো এবং তিনি যেন তোমাদের হৃদয়ে উৎসাহ সঞ্চার করতে পারেন, এই বিশেষ উদ্দেশ্যে তাঁকে আমি তোমাদের কাছে পাঠাচ্ছি।
[9] তাঁর সঙ্গে আছেন আমাদের বিশ্বস্ত ও প্রিয় ভাই ওনীষিম। তিনি তোমাদেরই একজন। এখানকার সব কথা তাঁরা তোমাদের জানাবেন।
[10] আমার কারাসঙ্গী আরিষ্টার্খ এবং বার্ণবার জ্ঞাতিভাই মার্কও তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন। (তোমরা তাঁর সম্বন্ধে নির্দেশ পেয়েছ, তিনি যদি তোমাদের কাছে আসেন, তাঁকে স্বাগত জানিয়ো)
[11] যীশু নামে আখ্যাত যুষ্ট তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন। ঈশ্বরের রাজ্যের জন্য আমার সহকর্মীদের মধ্যে শুধু এঁরাই ইহুদি। তাঁরা আমার সান্ত্বনার কারণস্বরূপ হয়েছেন।
[12] তোমাদেরই একজন, যীশু খ্রীষ্টের সেবক ইপাফ্রা, তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন। তিনি তোমাদের জন্য সবসময় প্রার্থনায় মল্লযুদ্ধ করছেন, যেন তোমরা ঈশ্বরের সব ইচ্ছায় সুদৃঢ় থাকো, পরিণত ও সুনিশ্চিত হও।
[13] তাঁর পক্ষে আমি সাক্ষ্য দিচ্ছি যে, তিনি তোমাদের এবং লায়োদেকিয়া ও হিয়েরাপলিসের অধিবাসীদের জন্য কঠোর পরিশ্রম করছেন।
[14] আমাদের প্রিয় বন্ধু, চিকিৎসক লূক এবং দীমা শুভেচ্ছা জানাচ্ছেন।
[15] লায়োদেকিয়ার ভাইবোনেদের এবং নিম্ফা ও তাঁর গৃহস্থিত মণ্ডলীর সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ো।
[16] এই পত্রটি তোমাদের কাছে পঠিত হওয়ার পর দেখো, লায়োদেকিয়ার মণ্ডলীতেও তা যেন পাঠ করা হয়। আর লায়োদেকিয়া মণ্ডলী থেকে যে পত্রটি তোমাদের কাছ পাঠানো হবে, সেটি তোমরাও পাঠ কোরো।
[17] আর্খিপ্পকে বোলো, “প্রভুতে যে সেবাব্রত তুমি গ্রহণ করেছ, তা যেন তুমি সুসম্পন্ন করো।”
[18] আমি পৌল, নিজের হাতে এই শুভেচ্ছা-বার্তা লিখলাম। আমার শৃঙ্খলিত অবস্থার কথা স্মরণ কোরো। অনুগ্রহ তোমাদের সহবর্তী হোক।