[1] কালক্রমে, দাউদ ফিলিস্তিনীদের পরাজিত করে তাদের বশীভূত করলেন, ও তিনি ফিলিস্তিনীদের হাত থেকে মেথগ-অম্মা ছিনিয়ে এনেছিলেন।
[2] দাউদ মোয়াবীয়দেরও পরাজিত করলেন। তিনি তাদের মাটিতে শুয়ে পড়তে বাধ্য করলেন ও তাদের এক নির্দিষ্ট মাপের দড়ি দিয়ে মেপেছিলেন। এক এক করে তাদের মধ্যে দড়ির মাপানুযায়ী দুই দড়ি বিস্তৃত এলাকার লোকজনকে হত্যা করা হল, ও পরবর্তী এক দড়ি বিস্তৃত এলাকার লোকজনকে বেঁচে থাকার সুযোগ দেওয়া হল। তাই মোয়াবীয়রা দাউদের বশীভূত হল ও তাঁর কাছে রাজকর নিয়ে এসেছিল।
[3] এছাড়াও, সোবার রাজা রহোবের ছেলে হদদেষর যখন ইউফ্রেটিস নদীর কাছে তাঁর স্মৃতিসৌধটি পুনরুদ্ধার করতে গেলেন, তখন দাউদ তাঁকেও পরাজিত করলেন।
[4] দাউদ তাঁর 1,000 রথ, 7,000 অশ্বারোহী ও 20,000 পদাতিক সৈন্য দখল করলেন। রথের সঙ্গে জুড়ে থাকা 100 টি ঘোড়া বাদ দিয়ে বাকি সব ঘোড়ার পায়ের শিরা কেটে তিনি সেগুলিকে খঞ্জ করে দিলেন।
[5] দামাস্কাসের আরামীয়রা যখন সোবার রাজা হদদেষরকে সাহায্য করতে এসেছিল, তখন দাউদ তাদের মধ্যে বাইশ হাজার জনকে যন্ত্রণা করে ফেলে দিলেন।
[6] তিনি দামাস্কাসের আরামীয় রাজ্যে সৈন্যদল মোতায়েন করে দিলেন, এবং আরামীয়রা তাঁর বশীভূত হয়ে রাজকর এনেছিল। দাউদ যেখানে যেখানে গেলেন, সদাপ্রভু সেখানে সেখানে তাঁকে বিজয়ী করলেন।
[7] দাউদ হদদেষরের কর্মকর্তাদের অধিকারে থাকা সোনার ঢালগুলি জেরুশালেমে নিয়ে এলেন।
[8] হদদেষরের অধিকারে থাকা টিভৎ ও বেরোথা নগর দুটি থেকে রাজা দাউদ প্রচুর পরিমাণে ব্রোঞ্জ নিয়ে এলেন।
[9] হমাতের রাজা তোয়ু যখন শুনেছিলেন যে দাউদ হদদেষরের সম্পূর্ণ সৈন্যদলকে পরাজিত করেছেন,
[10] তখন তিনি তাঁকে শুভেচ্ছা ও হদদেষরের বিরুদ্ধে যুদ্ধজয়ের অভিনন্দন জানানোর জন্য তাঁর ছেলে যোরামকে দাউদের কাছে পাঠালেন, কারণ হদদেষরের সঙ্গে তয়িরেরও অনবরত যুদ্ধ লেগেই থাকত। যোরাম সাথে করে রুপো, সোনা ও ব্রোঞ্জের তৈরি জিনিসপত্র নিয়ে এলেন।
[11] রাজা দাউদ এইসব জিনিসপত্র সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গ করে দিলেন, যেভাবে তিনি নিজের বশে আনা অন্য সব জাতির কাছ থেকে সংগ্রহ করা রুপো ও সোনার ক্ষেত্রেও করলেন:
[12] অর্থাৎ, ইদোমীয় ও মোয়াবীয়, অম্মোনীয় ও ফিলিস্তিনী, এবং অমালেকীয়দের কাছ থেকে। তিনি সোবার রাজা রহোবের ছেলে হদদেষরের কাছ থেকে পাওয়া লুন্ঠিত জিনিসপত্রও উৎসর্গ করে দিলেন।
[13] লবণ উপত্যকায় আঠারো হাজার ইদোমীয়কে শেষ করে ফিরে আসার পর দাউদ বিখ্যাত হয়ে গেলেন।
[14] তিনি ইদোম দেশের সর্বত্র সৈন্যদল মোতায়েন করে দিলেন, ও ইদোমীয়রা সবাই দাউদের বশীভূত হল। দাউদ যেখানে যেখানে গেলেন, সদাপ্রভু সেখানে সেখানে তাঁকে বিজয়ী করলেন।
[15] দাউদ সমস্ত ইস্রায়েলের উপর রাজত্ব করলেন, ও তাঁর সব প্রজার জন্য যা যা ন্যায্য ও উপযুক্ত ছিল, তিনি তা-ই করতেন।
[16] সরূয়ার ছেলে যোয়াব সৈন্যদলের প্রধান সেনাপতি ছিলেন; অহীলূদের ছেলে যিহোশাফট ছিলেন লিপিকার;
[17] অহীটূবের ছেলে সাদোক ও অবিয়াথরের ছেলে অহীমেলক ছিলেন যাজক; সরায় ছিলেন একান্ত সচিব;
[18] যিহোয়াদার ছেলে বনায় করেথীয় ও পলেথীয়দের উপর নিযুক্ত ছিলেন; এবং দাউদের ছেলেরা ছিলেন যাজক।