Skip to content
Opens in a new window
Listen to this chapter • 3:14

[1] হে সদাপ্রভু, আমাদের প্রতি যা ঘটেছে, তা স্মরণ করো, এদিকে তাকাও, দেখো আমাদের অসম্মান।

[2] আমাদের অধিকার বিজাতীয় লোকদের হাতে, আমাদের ঘরবাড়ি বিদেশিদের দখলে চলে গেছে।

[3] আমরা অনাথ ও পিতৃহীন হয়েছি, আমাদের মায়েরা বিধবা হয়েছে।

[4] পান করার জলটুকুও আমাদের কিনে খেতে হয়; অর্থ দিলে তবেই আমরা জ্বালানির কাঠ পাই।

[5] যারা আমাদের তাড়া করে, তারা আমাদের ঠিক পিছনেই; আমরা শ্রান্ত-ক্লান্ত এবং এতটুকু বিশ্রাম পাই না।

[6] পর্যাপ্ত খাদ্যদ্রব্য পাওয়ার জন্য আমরা মিশর ও আসিরিয়ার কাছে আত্মসমর্পণ করেছি।

[7] আমাদের পিতৃপুরুষেরা পাপ করেছিলেন, কিন্তু তাঁরা আর নেই, তাই আমরা তাঁদের শাস্তি বহন করছি।

[8] ক্রীতদাসেরা আমাদের উপরে কর্তৃত্ব করে, এবং তাদের হাত থেকে আমাদের উদ্ধার করার জন্য কেউ নেই।

[9] মরুপ্রান্তরে তরোয়ালের আক্রমণের মধ্যে জীবন বিপন্ন করে আমাদের খাদ্য সংগ্রহ করতে হয়।

[10] আমাদের চামড়া উনুনের মতো তপ্ত, খিদেয় আমাদের জ্বর জ্বর বোধ হয়।

[11] সিয়োনে নারীদের অপবিত্র করা হয়েছে, এবং যিহূদার নগরগুলিতে কুমারী-কন্যারা ধর্ষিতা হয়েছে।

[12] রাজপুরুষদের হাত বেঁধে ফাঁসি দেওয়া হয়েছে, প্রাচীন ব্যক্তিদের প্রতি কোনো সম্মান দেখানো হয়নি।

[13] যুবকেরা জাঁতা ঘুরিয়ে কঠোর পরিশ্রম করে; বালকেরা কাঠের ভারী বোঝায় টলমল করে।

[14] প্রাচীনেরা নগরদ্বার থেকে চলে গেছেন; যুবকেরা তাদের বাজনার শব্দ থামিয়ে দিয়েছে।

[15] আমাদের হৃদয় থেকে আনন্দ চলে গেছে, আমাদের নৃত্য শোকে পরিণত হয়েছে।

[16] আমাদের মস্তক থেকে মুকুট খসে পড়েছে। ধিক্‌ আমাদের, কেননা আমরা পাপ করেছি!

[17] এইসব কারণে আমাদের হৃদয় মূর্ছিত হয়েছে, এইসব কারণে আমাদের চোখের দৃষ্টি ক্ষীণ হয়েছে।

[18] কারণ সিয়োন পর্বত পরিত্যক্ত পড়ে আছে, শিয়ালেরা তার উপরে বিচরণ করে।

[19] হে সদাপ্রভু, তোমার রাজত্ব অনন্তকালীন; তোমার সিংহাসন পুরুষানুক্রমে চিরস্থায়ী।

[20] তুমি কেন সবসময় আমাদের ভুলে যাও? কেন তুমি এত দীর্ঘকাল যাবৎ আমাদের পরিত্যাগ করে আছো?

[21] হে সদাপ্রভু, তোমার কাছে আমাদের ফিরিয়ে নাও, যেন আমরা ফিরে আসতে পারি; পুরোনো দিনের মতোই আমাদের অবস্থা নবায়িত করো।

[22] কিন্তু তুমি যে আমাদের একেবারেই অগ্রাহ্য করেছ, এবং আমাদের উপরে তোমার মাত্রাহীন ক্রোধ রয়েছে।

বিলাপ — Chapters