[1] সদাপ্রভুর এই বাক্য পথূয়েলের পুত্র যোয়েলের কাছে উপস্থিত হল।
[2] আপনারা যারা প্রাচীন, একথা শুনুন; দেশে বসবাসকারী তোমরা সকলেই শোনো। তোমাদের সময়কালে, কিংবা তোমাদের পিতৃপুরুষদের সময়ে, এরকম ঘটনা কখনও কি ঘটেছে?
[3] তোমাদের সন্তানদের কাছে একথা বলো, তোমাদের সন্তানেরা তাদের সন্তানদের কাছে একথা বলুক, আর তাদের সন্তানেরা বলুক পরবর্তী প্রজন্মের কাছে।
[4] পঙ্গপালের ঝাঁক যা ছেড়ে গিয়েছে, তা বড়ো পঙ্গপালেরা খেয়ে ফেলেছে; বড়ো পঙ্গপালের যা ছেড়ে দিয়েছে, তরুণ পঙ্গপালেরা তা খেয়ে ফেলেছে; আর তরুণ পঙ্গপালেরা যা ছেড়ে দিয়েছে, তা অন্য পঙ্গপালেরা খেয়ে ফেলেছে।
[5] ওহে মাতাল ব্যক্তিরা, তোমরা ওঠো ও কাঁদো! যারা সুরা পান করো, তোমরা বিলাপ করো; নতুন দ্রাক্ষারসের জন্য বিলাপ করো, কারণ তা তোমাদের মুখ থেকে কেড়ে নেওয়া হয়েছে।
[6] এক জাতি আমার দেশকে আক্রমণ করেছে, তারা শক্তিশালী ও সংখ্যায় অগণ্য; তার আছে সিংহের মতো দাঁত, আছে সিংহীর মতো কশের দাঁত।
[7] সে আমার দ্রাক্ষালতা নষ্ট করেছে, আমার ডুমুর গাছগুলি ধ্বংস করেছে। সে তাদের ছালগুলি খুলে দূরে ফেলে দিয়েছে, তাদের শাখাপ্রশাখা ত্বকশূন্য সাদা দেখা যায়।
[8] তোমরা শোকবস্ত্র পরে যুবতী নারীর মতো বিলাপ করো, যে যৌবনেই তার স্বামীর মৃত্যুতে শোক করে।
[9] শস্য-নৈবেদ্য ও পেয়-নৈবেদ্য সকল সদাপ্রভুর গৃহ থেকে অপহৃত হয়েছে। যাঁরা সদাপ্রভুর সামনে পরিচর্যা করেন, সেই যাজকেরা সবাই শোক করছেন।
[10] মাঠগুলি সব বিধ্বস্ত হয়েছে, জমি শুকিয়ে গেছে; শস্যরাশি ধ্বংস করা হয়েছে, নতুন দ্রাক্ষারস শুকিয়ে গেছে, তেল সব শেষ হতে চলেছে।
[11] ওহে কৃষকেরা, তোমরা হতাশ হও, দ্রাক্ষাচাষিরা, তোমরা বিলাপ করো; তোমরা গম ও যবের জন্য দুঃখ প্রকাশ করো, কারণ মাঠের সব উৎপন্ন শস্য ধ্বংস হয়েছে।
[12] দ্রাক্ষালতা শুকিয়ে গেছে ও ডুমুর গাছ জীর্ণ হয়েছে; ডালিম, খেজুর ও আপেল গাছ— মাঠের যত গাছপালা—শুকিয়ে গেছে। সত্যিই মানবজাতির সব আনন্দ ফুরিয়ে গেছে।
[13] ওহে যাজকেরা, তোমরা শোকের বস্ত্র পরে বিলাপ করো; যারা বেদির সামনে পরিচর্যা করো, তোমরা হাহাকার করো। তোমরা, যারা আমার ঈশ্বরের সামনে পরিচর্যা করো, তোমরাও এসো, সমস্ত রাত্রি শোকের বস্ত্র পরে কাটাও; কারণ ভক্ষ্য-নৈবেদ্য ও পেয়-নৈবেদ্য তোমাদের ঈশ্বরের গৃহে আনা হয়নি।
[14] এক পবিত্র উপবাস-পর্ব ঘোষণা করো, এক পবিত্র সভার আহ্বান করো। প্রাচীনদের ও যারা দেশে বসবাস করে, তাদের সবাইকে তলব করো, তারা যেন তোমাদের ঈশ্বর সদাপ্রভুর গৃহে আসে ও সদাপ্রভুর কাছে ক্রন্দন করে।
[15] হায় হায়, সে কেমন দিন! কারণ সদাপ্রভুর দিন সমাগত; এ যেন সর্বশক্তিমানের কাছ থেকে বিনাশের মতো আসছে।
[16] আমাদের চোখের সামনে থেকেই কি খাবার, আনন্দ ও উল্লাস কি আমাদের ঈশ্বরের গৃহ থেকে নিয়ন্ত্রিত করা হয়নি?
[17] যত শস্যবীজ মাটির ঢেলার নিচে পচে গেছে। শস্যভাণ্ডারের গৃহগুলি ধ্বংস হয়েছে, গোলাঘরগুলি ভেঙে ফেলা হয়েছে, কারণ শস্য সব শুকিয়ে গেছে।
[18] পশুপাল কেমন আর্তস্বর করছে! বলদের পাল দিশেহারা হয়ে পড়েছে, কারণ তাদের জন্য কোনো চারণভূমি নেই।
[19] হে সদাপ্রভু, আমি তোমাকেই ডাকি, কারণ আগুন খোলা চারণভূমিকে গ্রাস করেছে আর অগ্নিশিখা মাঠের সমস্ত গাছপালা দগ্ধ করেছে।
[20] এমনকি, বুনো পশুরাও হাঁপাতে হাঁপাতে তোমার দিকে চেয়ে আছে; জলের সমস্ত উৎস শুকিয়ে গেছে আর আগুন খোলা চারণভূমিগুলি ধ্বংস করেছে।