[1] ইস্রায়েল ছিল শাখা-প্রশাখা সমন্বিত এক দ্রাক্ষালতা; সে নিজের জন্যই ফল উৎপন্ন করত। তার ফল যখন বৃদ্ধি পেল, সে তখন আরও বেশি যজ্ঞবেদি নির্মাণ করল; তার দেশ যেই সমৃদ্ধ হল, সে তার পবিত্র প্রস্তর স্তম্ভগুলি সুশোভিত করল।
[2] তাদের হৃদয় প্রবঞ্চনায় পূর্ণ, তাই এখন তারা অবশ্যই তাদের অপরাধ বহন করবে। সদাপ্রভু তাদের যজ্ঞবেদিগুলি ভেঙে ফেলবেন ও তাদের পবিত্র প্রস্তর স্তম্ভগুলি ধ্বংস করবেন।
[3] তখন তারা বলবে, “আমাদের কোনো রাজা নেই, তাই আমরা সদাপ্রভুকে ভয় করিনি। আর যদিও আমাদের কোনো রাজা থাকতেন, তাহলে তিনিই বা আমাদের জন্য কী করতেন?”
[4] তারা বহু প্রতিশ্রুতি দেয়, চুক্তি করার সময় তারা মিথ্যা শপথ করে; সেই কারণে মোকদ্দমা গজিয়ে ওঠে চাষ করা জমিতে বিষাক্ত আগাছার মতো।
[5] শমরিয়ায় বসবাসকারী লোকদের কাছে বেথ-আবনের বাছুর-প্রতিমা ভীতিপ্রদ। কিন্তু এর অধিবাসীরা তার জন্য বিলাপ করবে, যেমনটা করবে তার মূর্তিপূজক যাজকেরা, যারা তার আড়ম্বরে উল্লসিত হয়েছিল, কেননা সেই গৌরবকে তাদের কাছ থেকে নিয়ে নির্বাসনে পাঠানো হবে।
[6] তা আসিরিয়ার মহারাজের কাছে উপঢৌকন স্বরূপ তা বহন করে নিয়ে যাওয়া হবে। ইফ্রয়িম অপমানিত হবে; ইস্রায়েল তার বিদেশি জোটের জন্য লজ্জিত হবে।
[7] জলরাশির উপরে কচি শাখার মতো শমরিয়া ও তার রাজা ভেসে যাবে।
[8] দুষ্টতার উচ্চ স্থানগুলি ধ্বংস করা হবে, কারণ এ হল ইস্রায়েলের পাপ। সেখানে কাঁটাগাছ ও শিয়ালকাঁটার জন্ম হবে, এবং সেগুলি তাদের যজ্ঞবেদিগুলিকে ঢেকে ফেলবে। তখন তারা পর্বতগুলিকে বলবে, “আমাদের ঢেকে ফেলো!” পাহাড়গুলিকে বলবে, “আমাদের উপরে পতিত হও!”
[9] “হে ইস্রায়েল, গিবিয়ার সময় থেকে তোমরা পাপ করেছ, আর তোমরা সেখানেই থেকে গিয়েছ। তাই যুদ্ধ গিবিয়ার দুষ্কর্মকারীদের নাগাল কি পাবে না?
[10] আমার যখন ইচ্ছা হবে, আমি তাদের শাস্তি দেব; তাদের দ্বিগুণ পাপের জন্য তাদের বেঁধে ফেলতে। জাতিসমূহ তাদের বিরুদ্ধে একত্র হবে,
[11] ইফ্রয়িম এক প্রশিক্ষিত বকনা-বাছুর, সে শস্যমর্দন করতে ভালোবাসে; তাই আমি তার সুন্দর গ্রীবায় একটি জোয়াল দেব। আমি ইফ্রয়িমকে বিতাড়িত করব, যিহূদাকে অবশ্যই ভূমি কর্ষণ করতে হবে, আর যাকোব অবশ্যই মাটির ঢেলা ভাঙ্গবে।
[12] তোমরা নিজেদের জন্য ধার্মিকতার বীজবপন করো, অনিঃশেষ ভালোবাসার ফসল তোলো, তোমাদের পতিত জমি চাষ করো; কারণ এখনই সদাপ্রভুকে অন্বেষণ করার সময়, যতক্ষণ তিনি এসে তোমাদের উপরে ধার্মিকতা বর্ষণ না করেন।
[13] কিন্তু তোমরা তো দুষ্টতার বীজবপন করেছ, তোমরা মন্দতার শস্যচয়ন করেছ, তোমরা প্রতারণার ফল ভক্ষণ করেছ। এসবের কারণ, তোমরা নিজেদের শক্তি ও তোমাদের অসংখ্য বীর যোদ্ধাদের উপর নির্ভর করেছিলে।
[14] তোমার প্রজাদের বিরুদ্ধে রণনাদ গর্জিত হবে, যাতে তোমাদের সব দুর্গ বিধ্বস্ত হয়; ঠিক যেভাবে শল্মন যুদ্ধের সময় বেথ-অর্বেলকে ধ্বংস করেছিল, সন্তানসহ মায়েদের আছাড় মেরে খণ্ড খণ্ড করেছিল।
[15] ওহে বেথেল, তোমার প্রতি এরকমই করা হবে, কারণ তোমার দুষ্টতা বিপুল। সেদিন যখন ঘনিয়ে আসবে, তখন ইস্রায়েলের রাজা সম্পূর্ণরূপে বিনষ্ট হবে।