[1] মোশি সমস্ত ইস্রায়েলীদের ডেকে বললেন: হে ইস্রায়েল, শোনো, আজ আমি তোমাদের কাছে যেসব নিয়ম ও নির্দেশ ঘোষণা করছি। সেগুলি শিক্ষা করবে এবং যত্নের সঙ্গে পালন করবে।
[2] আমাদের ঈশ্বর সদাপ্রভু হোরেবে আমাদের সঙ্গে এক নিয়ম করেছিলেন।
[3] সদাপ্রভু আমাদের পূর্বপুরুষদের সঙ্গে সেই নিয়ম করেননি, দিয়েছেন আমাদের কাছে, আজ আমরা যারা এখানে বেঁচে আছি আমাদের সকলের কাছে।
[4] সদাপ্রভু সেই পাহাড়ের উপরে আগুনের মধ্য থেকে তোমাদের মুখোমুখি হয়ে কথা বলেছিলেন।
[5] (সেই সময় আমিই তোমাদের সদাপ্রভুর কথা প্রকাশ করার জন্য সদাপ্রভুর ও তোমাদের মাঝে দাঁড়িয়েছিলাম, কেননা তোমরা আগুনের ভয়ে পাহাড়ের উপর ওঠোনি) এবং তিনি বললেন:
[6] “আমি তোমাদের ঈশ্বর সদাপ্রভু, যিনি মিশর দেশ থেকে, দাসত্বের দেশ থেকে তোমাদের বের করে এনেছি।
[7] “আমার সামনে তোমার অন্য দেবতা থাকবে না।
[8] তুমি নিজের জন্য কোনও প্রতিমা তৈরি করবে না, তা আকাশের কোনও কিছুর মতো হোক বা মাটির উপরকার কোনও কিছুর মতো হোক কিংবা জলের মধ্যকার কোনও কিছুর মতো হোক।
[9] তুমি তাদের কাছে নত হবে না বা আরাধনা করবে না; কেননা আমি, তোমার ঈশ্বর সদাপ্রভু, আমি সগৌরব রক্ষণে উদ্যোগী ঈশ্বর, আমি বাবাদের অপরাধের জন্য সন্তানদের শাস্তি দিই তৃতীয় ও চতুর্থ পুরুষ পর্যন্ত যারা আমাকে ঘৃণা করে,
[10] কিন্তু যারা আমাকে ভালোবাসে এবং আমার সমস্ত আজ্ঞা পালন করে তাদের প্রতি আমার ভালোবাসা হাজার হাজার পুরুষ পর্যন্ত থাকবে।
[11] তুমি তোমার ঈশ্বর সদাপ্রভুর নামের অপব্যবহার করবে না, কেননা যে কেউ তাঁর নামের অপব্যবহার করবে সদাপ্রভু তাকে নির্দোষ করবেন না।
[12] তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যেমন আদেশ করেছেন, তেমনি করে বিশ্রামদিন পালন করে পবিত্র রেখো।
[13] তুমি ছয় দিন পরিশ্রম করবে এবং তোমার সমস্ত কাজ করবে,
[14] কিন্তু সপ্তম দিনটি তোমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে বিশ্রামদিন। সেদিন তুমি, তোমার ছেলে বা মেয়ে, তোমার দাস বা দাসী, তোমার বলদ কিংবা তোমার গাধা কিংবা অন্য কোনও পশু কিংবা তোমার নগরের মধ্যে বাস করা অন্য জাতির লোক কেউ কোনও কাজ কোরো না, যেন তোমার দাস বা দাসী বিশ্রাম পায়, যেমন তুমি পাও।
[15] মনে রেখো যে তোমরা মিশরে দাস ছিলে এবং তোমার ঈশ্বর সদাপ্রভু বলবান হাত ও বিস্তারিত বাহু দিয়ে সেখান থেকে তোমাকে বের করে এনেছেন। সেইজন্যই তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে বিশ্রামদিন পালন করার আদেশ দিয়েছেন।
[16] তোমার বাবাকে ও তোমার মাকে সম্মান করবে, যেমন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে আদেশ দিয়েছেন, যেন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দেন সেই দেশে তুমি বেঁচে থাকবে ও তোমার মঙ্গল হবে।
[17] নরহত্যা কোরো না।
[18] ব্যভিচার কোরো না।
[19] চুরি কোরো না।
[20] তুমি তোমার প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়ো না।
[21] তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর উপর লোভ কোরো না। তোমার প্রতিবেশীর বাড়ি বা জমিতে, তার দাস বা দাসীতে, তার বলদ বা গাধাতে, অথবা তার কোনও জিনিসে কোরো না।”
[22] সেই পাহাড়ের উপর আগুন, মেঘ ও ঘোর অন্ধকারের মধ্য থেকে সদাপ্রভু এই আজ্ঞাগুলি তোমাদের সকলের কাছে জোরে ঘোষণা করেছিলেন; এবং তিনি আর কিছু যোগ করেননি। পরে তিনি সেগুলি দুটি পাথরের ফলকের উপর লিখে আমার কাছে দিয়েছিলেন।
[23] যখন তোমরা অন্ধকারের মধ্য থেকে সেই স্বর শুনতে পেয়েছিলে, এবং আগুনে পাহাড় জ্বলছিল, তখন তোমাদের সব গোষ্ঠীর নেতারা ও প্রাচীনেরা আমার কাছে এসেছিলে।
[24] আর তোমরা বলেছিলে, “আমাদের ঈশ্বর সদাপ্রভু আমাদের তাঁর প্রতাপ ও মহিমা দেখিয়েছেন, আর আমরা আগুনের মধ্য থেকে তাঁর রব শুনেছি। আজ আমরা দেখলাম যে মানুষের সঙ্গে ঈশ্বর কথা বললেও সে বাঁচতে পারে।
[25] কিন্তু এখন আমরা কেন মারা পড়ব? এই আগুন আমাদের পুড়িয়ে ফেলবে, এবং আমরা যদি আমাদের ঈশ্বর সদাপ্রভুর রব আরও শুনি তাহলে মারা পড়ব।
[26] মানুষের মধ্যে এমন কে আছে যে আমাদের মতো করে আগুনের মধ্য থেকে জীবন্ত ঈশ্বরের স্বর শুনবার পরেও বেঁচে আছে?
[27] আমাদের ঈশ্বর সদাপ্রভু যা বলছেন, আপনি কাছে গিয়ে তা শুনে আসুন। পরে আমাদের ঈশ্বর সদাপ্রভু আপনাকে যা বলবেন তা আমাদের বলবেন। আমরা তা শুনব ও বাধ্য হব।”
[28] তোমরা যখন আমার সঙ্গে কথা বলছিলে তখন সদাপ্রভু তোমাদের কথা শুনেছিলেন এবং সদাপ্রভু আমাকে বলেছিলেন, “লোকে তোমাকে যা বলেছে আমি তা শুনেছি। তারা যা বলেছে সবই ভালো।
[29] আহা, সবসময় আমাকে ভয় করতে ও আমার আজ্ঞা পালন করতে তাদের এরকম মনের ইচ্ছা থাকে, তাহলে তাদের ও তাদের সন্তানদের চিরকাল মঙ্গল হবে!
[30] “যাও, তাদের বলো নিজেদের তাঁবুতে ফিরে যেতে।
[31] কিন্তু তুমি আমার সঙ্গে থাকো যেন আমি তোমাকে সমস্ত আদেশ, আইন ও নিয়ম দিতে পারি যেগুলি তুমি তাদের শেখাবে যেন অধিকার করার জন্য যে দেশ আমি আদের দিতে যাচ্ছি সেখানে তারা সেগুলি পালন করে।”
[32] অতএব তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের যে আদেশ দিয়েছেন সেগুলি যত্নের সঙ্গে পালন কোরো; তার ডানদিকে বা বাঁদিকে যাবে না।
[33] যাতে তোমরা বাঁচতে পারো এবং তোমাদের মঙ্গল হয় আর যে দেশ তোমরা অধিকার করবে সেখানে অনেক দিন বেঁচে থাকতে পারো সেইজন্য তোমাদের ঈশ্বর সদাপ্রভু যে যে পথে তোমাদের চলবার আদেশ দিয়েছেন তোমরা সেইসব পথেই চলবে।