Skip to content
Opens in a new window
Listen to this chapter • 3:43

[1] ওহে ইস্রায়েলের লোকেরা, সদাপ্রভু তোমাদের বিরুদ্ধে যা বলেছেন, তোমরা সেই বাক্য শোনো। আমি যাদের মিশর থেকে মুক্ত করে এনেছি, সেই সমস্ত গোষ্ঠীর বিরুদ্ধে বলা বাক্য শোনো:

[2] “পৃথিবীর সমস্ত গোষ্ঠীর মধ্যে, আমি কেবলমাত্র তোমাদেরই মনোনীত করেছি; তাই তোমাদের সব পাপের জন্য, আমি তোমাদের শাস্তি দেব।”

[3] দুজন মানুষ এক পরামর্শ না হলে তারা কি পথে একসঙ্গে চলতে পারে?

[4] ঘন জঙ্গলে শিকার না পেলে কোনো সিংহ কি গর্জন করে? কোনো শিকার না ধরে সে কি তার গহ্বরে হুংকার দেয়?

[5] কোনো ফাঁসকল পাতা না থাকলে, পাখি কি মাটিতে ফাঁদে ধরা পড়ে? কিছু না ধরা পড়লে, মাটি থেকে কোনো কল কি আপনা-আপনি ছোটে?

[6] নগরের মধ্যে তূরী বাজলে, লোকেরা কি ভয়ে কাঁপে না? যখন কোনো নগরে বিপর্যয় উপস্থিত হয়, তা কি সদাপ্রভু থেকে হয় না?

[7] নিশ্চয়ই সদাপ্রভু, তাঁর দাস ভাববাদীদের কাছে নিজের পরিকল্পনা প্রকাশ না করে, সার্বভৌম সদাপ্রভু কিছুই করেন না।

[8] সিংহ গর্জন করলে— কে না ভয় করবে? সার্বভৌম সদাপ্রভু কথা বলেন— কে না ভবিষ্যদ্‌বাণী করবে?

[9] তোমরা অস্‌দোদের দুর্গগুলিতে, ও মিশরের দুর্গগুলির কাছে এই বার্তা ঘোষণা করো: “তোমরা শমরিয়ার পাহাড়গুলির কাছে সমবেত হও; আর তার মধ্যে মহা অস্থিরতা দেখো, তার প্রজাদের মধ্যে সংঘটিত নিপীড়ন দেখো।”

[10] “তারা জানে না ন্যায়সঙ্গত কাজ কীভাবে করতে হয়,” সদাপ্রভু এই কথা ঘোষণা করেন, “তারা তাদের দুর্গগুলিতে অত্যাচার ও লুটের জিনিস সঞ্চিত করেছে।”

[11] অতএব, সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন: “এক শত্রু দেশকে ছারখার করে দেবে, সে তোমার ঘাঁটিগুলি ভেঙে ফেলবে ও তোমার দুর্গগুলি লুট করবে।”

[12] সদাপ্রভু এই কথা বলেন: “মেষপালক যেমন সিংহের মুখ থেকে দুটি পায়ের হাড় বা একটি কানের টুকরো উদ্ধার করে, তেমনই ইস্রায়েলীরাও রক্ষা পাবে, যারা শমরিয়ায় তাদের বিছানার প্রান্তে বা দামাস্কাসে তাদের পালঙ্কের কোণে বসে থাকে।”

[13] “তোমরা এই কথা শোনো ও যাকোবের কুলের বিপক্ষে সাক্ষ্য দাও,” বলেন প্রভু, সর্বশক্তিমান ঈশ্বর সদাপ্রভু।

[14] “যেদিন আমি ইস্রায়েলের সব পাপের জন্য তাদের শাস্তি দিই, আমি বেথেলের সব বেদি ধ্বংস করব; বেদির শৃঙ্গগুলি কেটে ফেলা হবে ও সেগুলি মাটিতে পতিত হবে।

[15] আমি শীতযাপনের গৃহ ও গ্রীষ্মযাপনের গৃহকে ভেঙে ফেলব; হস্তিদন্তে সুসজ্জিত গৃহগুলি ধ্বংস হবে এবং অট্টালিকাগুলি ভূমিসাৎ করা হবে,” সদাপ্রভু ঘোষণা করেন।

আমোষ — Chapters