Skip to content
Opens in a new window
Listen to this chapter • 3:57

[1] সবশেষে বলি, ভাইবোনেরা, আমাদের জন্য প্রার্থনা করো, যেন প্রভুর বাণী দ্রুত ছড়িয়ে পড়ে এবং সসম্মানে গৃহীত হয়, যেমন তোমাদের ক্ষেত্রে হয়েছিল।

[2] আর প্রার্থনা করো, দুষ্ট ও নীচ লোকদের হাত থেকে আমরা যেন নিষ্কৃতি পাই, কারণ প্রত্যেকের যে বিশ্বাস আছে, এমন নয়,

[3] কিন্তু প্রভু বিশ্বস্ত। তিনি তোমাদের শক্তি দেবেন এবং সেই পাপাত্মা থেকে রক্ষা করবেন।

[4] তোমাদের সম্পর্কে প্রভুতে আমাদের এই দৃঢ়প্রত্যয় আছে যে, আমাদের সমস্ত আদেশ, যা তোমরা পালন করছ, তা করে যাবে।

[5] প্রভু তোমাদের হৃদয় ঈশ্বরের মতো প্রেম এবং খ্রীষ্টের মতো সহনশীল হওয়ার পথে চালিত করুন।

[6] ভাইবোনেরা, প্রভু যীশু খ্রীষ্টের নামে আমরা তোমাদের আদেশ দিচ্ছি, যে ভাই অলস এবং আমাদের শিক্ষা অনুযায়ী জীবনযাপন করে না, তার সঙ্গ ত্যাগ করো।

[7] কারণ তোমরা নিজেরা জানো, কীভাবে আমাদের আদর্শ অনুকরণ করতে তোমরা বাধ্য। তোমাদের সঙ্গে থাকার সময় আমরা আলস্যে কাল কাটাইনি;

[8] অথবা বিনামূল্যে আমরা কারও অন্ন গ্রহণ করিনি। বরং আমরা যেন তোমাদের কারও বোঝাস্বরূপ না হই, সেজন্য দিন-রাত কাজ করেছি, কঠোর পরিশ্রম ও কষ্ট করেছি।

[9] এই সাহায্য লাভের অধিকার যে আমাদের নেই, তা নয়, কিন্তু তোমরা যেন অনুসরণ করো, সেজন্য নিজেদের এক আদর্শরূপে স্থাপন করেছি।

[10] কারণ তোমাদের সঙ্গে থাকার সময়েও আমরা তোমাদের এই নিয়ম দিয়েছি, “যদি কেউ পরিশ্রম না করে, সে আহারও করবে না।”

[11] আমরা শুনতে পাচ্ছি, তোমাদের মধ্যে কেউ কেউ অলস হয়ে পড়েছে। তারা কর্মব্যস্ত নয়; পরের ব্যাপারে অনর্থক চর্চায় তারা সদা ব্যস্ত।

[12] এরকম লোকদের আমরা প্রভু যীশু খ্রীষ্টে নির্দেশ দিচ্ছি এবং অনুনয় করছি, তারা যেন শান্ত-ভাব বজায় রেখে পরিশ্রম করে এবং তাদের অন্নের সংস্থান করে।

[13] আর ভাইবোনেরা, তোমাদের আরও বলছি, সৎকর্ম করতে কখনও ক্লান্তিবোধ কোরো না।

[14] এই পত্রে উল্লেখিত আমাদের নির্দেশ কেউ যদি অমান্য করে, তাকে চিহ্নিত করে রেখো। তার সংস্পর্শে থেকো না, যেন সে লজ্জাবোধ করতে পারে।

[15] তবুও, তাকে শত্রু বলে মনে কোরো না, বরং ভাই বা বোন হিসেবে তাকে সতর্ক কোরো।

[16] এখন শান্তির প্রভু স্বয়ং তোমাদের সর্বদা এবং সর্বতোভাবে শান্তি দান করুন। প্রভু তোমাদের সকলের সঙ্গে থাকুন।

[17] আমি পৌল, নিজের হাতে এই অভিনন্দনবাণী লিখছি। আমার সমস্ত পত্রের এটিই বিশেষ চিহ্ন। এভাবেই আমি লিখে থাকি।

[18] আমাদের প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহ তোমাদের সকলের সঙ্গী হোক।

2 থিষলনীকীয় — Chapters