Skip to content
Opens in a new window
Listen to this chapter • 4:20

[1] পৌল, যীশু খ্রীষ্টের বন্দী এবং আমাদের ভাই তীমথিয়,

[2] আমাদের প্রিয় বন্ধু ও সহকর্মী ফিলীমন ও বোন আপ্পিয়া এবং আমাদের সহসেনা আর্খিপ্পা; এবং যে মণ্ডলী ফিলীমনের ঘরে উপাসনার জন্য সমবেত হন তাদের সকলের উদ্দেশ্যে এই চিঠি লিখছি৷

[3] আমাদের পিতা ঈশ্বর এবং প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহ ও শান্তি, তোমাদের সহবর্তী হোক্৷

[4] আমি যখন প্রার্থনার সময় তোমাদের মনে করি, তখন তোমাদের জন্য সর্বদা আমার ঈশ্বরকে ধন্যবাদ দিই৷

[5] প্রভু যীশুর প্রতি তোমাদের বিশ্বাস ও ঈশ্বরের সমস্ত পবিত্র লোকের প্রতি তোমাদের ভালবাসার কথা আমি শুনতে পাই ও ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জানাই৷

[6] আমি প্রার্থনা করি আমরা যে বিশ্বাসের অংশীদার তা যেন তোমাদের খ্রীষ্টের মহত্ গুণগুলি বুঝতে সাহায্য করে৷

[7] ভাই, ঈশ্বরের লোকদের প্রতি তোমরা যে ভালবাসা দেখিয়েছ তা তাদের নতুন শক্তির যোগান দিয়েছে, আর এতে আমি গভীর আনন্দ ও শান্তি পেয়েছি৷

[8] তাই আমি খ্রীষ্টের নামে সাহসী হয়ে যা সঠিক তা করার জন্য তোমাদের আদেশ করতে পারি৷

[9] কিন্তু আমি তোমাদের ভালবাসার জন্য এটা করতে অনুরোধ করবো৷ আমি পৌল, এখন বৃদ্ধ হয়েছি, খ্রীষ্ট যীশুর জন্য আমি বন্দী৷

[10] কারাগারে থাকাকালীন যে ওনীসিমাসকে পুত্ররূপে পেয়েছি তার হয়ে তোমাকে আমার অনুরোধ জানাই৷

[11] সে আগে তোমার উপযোগী ছিল না কিন্তু এখন তোমার ও আমার উভয়েরই উপযোগী৷

[12] তাকেই আমি তোমার কাছে ফেরত্ পাঠাচ্ছি, তার সঙ্গে যেন আমার নিজের প্রাণই পাঠাচ্ছি৷

[13] আমি তাকে আমার কাছে রাখতে চেয়েছিলাম যাতে সুসমাচারের জন্য আমি কারাগারে থাকাকালীন সে তোমার হয়ে আমার সেবা করতে পারে৷

[14] তোমার অনুমতি না নিয়ে আমি কিছু করতে চাই নি৷ আমি চাই তুমি যেন বাধ্য হয়ে নয় বরং নিজের ইচ্ছানুসারেই আমার এই উপকারটুকু করতে পার৷

[15] কারণ হয়তো এই জন্যই ওনীসিমাস কিছু কালের জন্য আলাদা হয়েছিল, যেন তুমি চিরকালের জন্য তাকে পেতে পার৷

[16] এখন তাকে আর কেবলমাত্র তোমার দাসরূপে নয়, দাসের থেকে শ্রেয়, স্নেহের ভাইয়ের মতো ফিরে পেতে পারো৷ সে আমার প্রিয়, কিন্তু তোমার কাছে প্রভুর ভাই ও মানুষ হিসাবে সে আরো প্রিয় হবে৷

[17] যদি আমাকে তোমার বন্ধু বলে মানো তবে ওনীসিমাসকে আবার গ্রহণ করো৷ তোমরা আমাকে যেভাবে অভ্যর্থনা জানাও ওনীসিমাসকেও সেইভাবে অভ্যর্থনা জানিও৷

[18] ওনীসিমাস যদি তোমার কোন ক্ষতি করে থাকে, বা তোমার কিছু ধারে তবে তা আমার দেনা হিসাবে ধরো৷

[19] আমি পৌল, নিজের হাতে এটা লিখলাম, আমিই শোধ করব৷ তুমি তোমার নিজের জীবনের জন্য যে আমার কাছে ঋণী, সে বিষয়ে আমি কিছুই বলব না৷

[20] হ্যাঁ ভাই, তোমার কাছে থেকে আমি প্রভুর প্রতিনিধি হিসাবে কিছু পেতে চাই৷ আমার হৃদয়কে খ্রীষ্টে উৎসাহিত কর৷

[21] তুমি আমার অনুরোধ মানবে এই বিশ্বাসে আমি তোমাকে এই চিঠি লিখছি৷ তাছাড়া আমি জানি যে আমি যা বলছি তুমি তার থেকেও বেশী করবে৷

[22] আবার বলি আমার থাকার জন্য ঘরও ঠিক করে রেখো; কারণ আশা করছি, ঈশ্বর তোমাদের প্রার্থনার উত্তর দেবেন এবং শিগ্গির আমি তোমাদের কাছে যেতে পারব৷

[23] খ্রীষ্ট যীশুতে আমার সহবন্দী ইপাফ্রা তোমাকে শুভেচ্ছা জানাচ্ছে৷

[24] মার্ক, আরিষ্টার্খ, দীমা এবং লূক আমার এই সহকর্মীরাও তোমাকে শুভেচ্ছা জানাচ্ছে৷

[25] প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহ তোমাদের আত্মার সহায় হোক্৷