[1] আমার ভাই ও বোনেরা, বিশেষ কোন কাল ও সময়ের বিষয়ে তোমাদের কিছু লেখার প্রয়োজন নেই৷
[2] তোমরা নিজেরাই ভালো করে জানো, রাতে যেমন চোর চুপিচুপি আসে, তেমনি প্রভুর দিন হঠাত্ আসবে৷
[3] লোকে যখন বলবে, “আমাদের শান্তি আছে এবং আমরা নিরাপদে আছি;” ঠিক এমন সময় তাদের ওপর হঠাত্ চরম বিনাশ নেমে আসবে৷ সন্তান প্রসবের আগে যেমন নারীর হঠাত্ প্রসব বেদনা শুরু হয়, তেমনি হঠাত্ তাদের উপর বিনাশ নেমে আসবে আর তারা কোনভাবেই পালিয়ে যেতে পারবে না৷
[4] কিন্তু ভাই ও বোনেরা, তোমরা তো আর অন্ধকারে বাস করছ না যে, সেই দিনটা চোরের মতো তোমাদের ওপর এসে পড়বে৷
[5] তোমরা তো সকলে মঙ্গল আলোকের ও দিনের সন্তান৷ আমরা রাতেরও নই, অন্ধকারেরও নই৷
[6] তাই অন্য লোকদের মতো আমাদের হওয়া উচিত নয়৷ আমরা জেগে থাকব ও আত্মসংযম রক্ষা করব৷
[7] কারণ যারা ঘুমোয়, তারা রাতেই ঘুমোয়; যারা মদ্যপায়ী, তারা রাতেই মাতাল হয়৷
[8] কিন্তু আমরা দিনের লোক তাই এস, আমরা নিজেদের দমনে রাখি, আমাদের বুকটা যেন বিশ্বাস ও প্রেমের ঢালে ঢাকা থাকে; আর মাথায় যেন পরিত্রাণের আশারূপী শিরস্ত্রাণ থাকে৷
[9] কারণ ঈশ্বর আমাদের তাঁর ক্রোধের পাত্ররূপে মনোনীত করেন নি, প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে পরিত্রাণ করার জন্যই আমাদের মনোনীত করেছেন৷
[10] যীশু আমাদের জন্য প্রাণ দিলেন যেন আমরা বেঁচে থাকি বা মৃত অবস্থায় থাকি, আমরা তাঁর সঙ্গেই জীবিত থাকি৷
[11] এইজন্য তোমরা এখন যেমন করে চলেছ তেমনই পরস্পরকে সান্ত্বনা দাও ও পরস্পরকে গড়ে তোল৷
[12] আমার ভাই ও বোনেরা, আমরা তোমাদের বলছি, যারা তোমাদের মধ্যে পরিশ্রম করে, যারা তোমাদের প্রভুতে পরিচালনা করে, যারা তোমাদের শিক্ষা দেয়, তাদের তোমরা সম্মান করো৷
[13] তাদের কাজের জন্য তাদের সম্মান করো সমস্ত অন্তর দিয়ে তাদের ভালবেসো এবং পরস্পরের মধ্যে শান্তি বজায় রেখো৷
[14] আমার ভাই ও বোনেরা, আমরা তোমাদের অনুরোধ করছি, যারা অলস তাদের সাবধান করে দাও৷ যারা ভয়ে ভীত তাদের সাহস দাও, যারা দুর্বল তাদের সাহায্য কর, আর সকলের প্রতি সহিষ্ণু হও৷
[15] দেখ, যেন অপকারের প্রতিশোধ নিতে কেউ কারোর অপকার না করে৷ তোমরা পরস্পরের মঙ্গল করতে চেষ্টা কর এবং বাকী সকলের ভাল করতে চেষ্টা কর৷
[16] সব সময় আনন্দ কর৷
[17] অবিরত প্রার্থনা কর৷
[18] সব বিষয়ে ঈশ্বরকে ধন্যবাদ দাও; কারণ তোমরা যারা খ্রীষ্টের সঙ্গে যুক্ত তাদের বিষয়ে এটাই ঈশ্বরের ইচ্ছা৷
[19] পবিত্র আত্মাকে নির্বাণ করো না৷
[20] ভাববাণী অবজ্ঞা করো না৷
[21] সব কিছু পরীক্ষা কর, যা ভাল তা ধরে রাখ৷
[22] সব রকম মন্দ থেকে দূরে থাক৷
[23] শান্তির ঈশ্বর সম্পূর্ণভাবে তোমাদের শুদ্ধ আর পবিত্র রাখুন এবং তোমাদের সম্পূর্ণ সত্ত্বা আত্মা, প্রাণ ও দেহকে প্রভু যীশু খ্রীষ্টের আগমনের দিন পর্যন্ত তিনি নিষ্কলঙ্ক রাখুন৷
[24] যিনি তোমাদের আহ্বান করেন, তিনি তাঁর প্রতিশ্রুতি অনুসারে তোমাদের জন্য তা করবেন, কারণ তিনি বিশ্বস্ত৷
[25] আমার ভাই ও বোনেরা, আমাদের জন্য প্রার্থনা করো৷
[26] সব ভাইকে পবিত্র চুম্বনের মাধ্যমে আমার শুভেচ্ছা জানিও৷
[27] প্রভুর নামে এই শপথ কর যে সমস্ত খ্রীষ্টান ভাইয়ের কাছে এই চিঠি পড়ে শোনানো হবে৷
[28] আমাদের প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহ তোমাদের সকলের সঙ্গে থাকুক৷