Skip to content
Opens in a new window
Listen to this chapter • 2:54

[1] হে সদাপ্রভু, আমাদের প্রতি যা ঘটেছে, তা মনে কর, তাকাও, আমাদের অপমান দেখ।

[2] আমাদের সম্পত্তি অপরিচিত লোকদের হাতে, আমাদের সব বাড়িগুলি বিদেশীদের হাতে গিয়েছে।

[3] আমরা অনাথ কারণ আমাদের কোনো বাবা নেই এবং আমাদের মায়েরা বিধবাদের মতো হয়েছেন।

[4] আমাদের জল আমরা রূপা খরচ করে পান করেছি, নিজেদের কাঠ দাম দিয়ে কিনতে হয়।

[5] লোকে আমাদেরকে তাড়না করে, আমরা ক্লান্ত এবং আমাদের জন্য বিশ্রাম নেই।

[6] আমরা মিশরীয়দের ও অশূরীয়দের কাছে হাতজোড় করেছি, খাবারে সন্তুষ্ট হবার জন্য।

[7] আমাদের পূর্বপুরুষেরা পাপ করেছেন, এখন তারা নেই এবং আমরাই তাঁদের পাপ বহন করেছি।

[8] আমাদের ওপরে দাসেরা শাসন করে এবং তাদের হাত থেকে আমাদেরকে উদ্ধার করে, এমন কেউ নেই।

[9] জীবনের ঝুঁকিতে আমরা খাবার সংগ্রহ করি, মরুপ্রান্তে অবস্থিত তরোয়াল থাকা সত্বেও।

[10] আমাদের চামড়া উনুনের মতো গরম, দূর্ভিক্ষের জ্বরে জ্বলছে।

[11] সিয়োনে স্ত্রীলোকেরা ধর্ষিত হল, যিহূদার শহরগুলিতে কুমারীরা ধর্ষিত হল।

[12] তারা নেতাদেরকে নিজেদের হাতের মাধ্যমে ফাঁসি দিয়েছে এবং তারা প্রাচীনদের সম্মান করে নি।

[13] যুবকদেরকে যাঁতায় পরিশ্রম করতে হল, শিশুরা কাঠের গুড়ির ভারে টলমল করছে।

[14] প্রাচীনেরা শহরের দরজা থেকে সরে গিয়েছেন এবং যুবকেরা তাদের বাজনাকে থামিয়েছে।

[15] আমাদের হৃদয়ের আনন্দ চলে গিয়েছে, আমাদের নাচ শোকে পরিবর্তিত হয়েছে।

[16] আমাদের মাথা থেকে মুকুট পড়ে গেছে, ধিক আমাদেরকে! কারণ আমরা পাপ করেছি।

[17] এই জন্য আমাদের হৃদয় দুর্বল হয়েছে এবং আমাদের চোখ অস্পষ্ট হয়েছে।

[18] কারণ সিয়োন পর্বত মানবহীন জায়গা হয়েছে, শিয়ালেরা তার ওপর ঘুরে বেড়ায়।

[19] কিন্তু হে সদাপ্রভু, তুমি চিরকাল রাজত্ব কর এবং তোমার সিংহাসন বংশের পর বংশ স্থায়ী।

[20] কেন তুমি চিরকাল আমাদেরকে ভুলে যাবে? কেন এত দিন আমাদেরকে ত্যাগ করে থাকবে?

[21] হে সদাপ্রভু, তোমার প্রতি আমাদেরকে ফেরাও এবং আমরা অনুতাপ করব; পুরানো দিনের র মতো নতুন দিন আমাদেরকে দাও।

[22] তুমি আমাদেরকে একেবারে ত্যাগ করেছে এবং আমাদের প্রতি প্রচণ্ড রেগে গিয়েছিলে।

বিলাপ — Chapters