Skip to content
Opens in a new window
Listen to this chapter • 8:18

[1] পরে সদাপ্রভু যিহোশূয়কে বললেন, “তুমি ভয় পেয়ো না, নিরাশ হয়ো না; সমস্ত সৈন্যকে সঙ্গে করে নাও, ওঠ, অয়ে যাও; দেখ, আমি অয়ের রাজাকে ও তার প্রজাদের এবং তার নগর ও তার দেশ তোমার হাতে সমর্পণ করেছি।

[2] তুমি যিরীহোর ও সেখানের রাজার প্রতি যেমন করেছিলে, অয়ের ও সেখানের রাজার প্রতিও তেমনই করবে, কিন্তু তার লুটদ্রব্য ও পশু তোমরা তোমাদের জন্য নেবে। তুমি নগরের বিরুদ্ধে পিছনের দিকে তোমার এক দল সৈন্য গোপনে রাখ।”

[3] তখন যিহোশূয় ও সমস্ত যোদ্ধা উঠে অয়ের বিরুদ্ধে যাত্রা করলেন; যিহোশূয় ত্রিশ হাজার বলবান বীর মনোনীত করলেন এবং তাদেরকে রাতে পাঠিয়ে দিলেন।

[4] তিনি এই আদেশ দিলেন, “দেখ, তোমরা নগরের পিছনে নগরের বিরুদ্ধে লুকিয়ে থাকবে; নগর থেকে বেশী দূরে যাবে না, কিন্তু সবাই প্রস্তুত থাকবে।

[5] পরে আমি ও আমার সমস্ত সঙ্গীরা নগরের কাছে উপস্থিত হব; আর তারা যখন আগের মত আমাদের বিরুদ্ধে বের হয়ে আসবে, তখন আমরা তাদের সামনে থেকে পালিয়ে যাব।

[6] আর তারা বের হয়ে আমাদের পিছন পিছন আসবে, শেষে আমরা তাদেরকে নগর থেকে দূরে আকর্ষণ করব; কারণ তারা বলবে, এরা আগের মত আমাদের সামনে দিয়ে পালিয়ে যাচ্ছে; এই ভাবে আমরা তাদের সামনে থেকে পালিয়ে যাব;

[7] আর তোমরা সেই গোপন জায়গা থেকে উঠে নগর অধিকার করবে; কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু তা তোমাদের হাতে সমর্পণ করবেন।

[8] নগর আক্রমণ করার সঙ্গে সঙ্গে তোমরা নগরে আগুন লাগিয়ে দেবে; তোমরা সদাপ্রভুর বাক্য অনুসারে কাজ করবে; দেখ, আমি তোমাদেরকে আদেশ করলাম।”

[9] এই ভাবে যিহোশূয় তাদেরকে পাঠালেন; আর তারা গিয়ে অয়ের পশ্চিমে বৈথেলের ও অয়ের মাঝে লুকিয়ে থাকল; কিন্তু যিহোশূয় লোকদের মধ্যে সেই রাত কাটালেন।

[10] পরে যিহোশূয় খুব ভোরে উঠে লোক সংগ্রহ করলেন, আর তিনি ও ইস্রায়েলের প্রাচীনেরা লোকদের আগে আগে অয়ে গেলেন।

[11] আর তার সঙ্গী, সমস্ত যোদ্ধারা গেল এবং কাছে গিয়ে নগরের সামনে উপস্থিত হল, আর অয়ের উত্তরদিকে শিবির স্থাপন করল; তাঁর ও অয়ের মধ্যে এক উপত্যকা ছিল।

[12] আর তিনি প্রায় পাঁচ হাজার লোক নিয়ে নগরের পশ্চিম দিকে বৈথেলের ও অয়ের মধ্যে লুকিয়ে রাখলেন।

[13] এই ভাবে লোকেরা নগরের উত্তর দিকের গুপ্ত দলকে স্থাপন করল এবং যিহোশূয় ঐ রাতে উপত্যকার মধ্যে গেলেন।

[14] পরে যখন অয়ের রাজা তা দেখলেন, তখন নগরের লোকেরা, রাজা ও তাঁর সকল লোক, তাড়াতাড়ি খুব ভোরে উঠে ইস্রায়েলের সঙ্গে যুদ্ধ করতে বের হয়ে নির্ধারিত স্থানে অরাবা উপত্যকার সামনে গেলেন; কিন্তু তাঁর বিরুদ্ধে এক দল সৈন্য নগরের পিছনে লুকিয়ে আছে, তা তিনি জানতেন না।

[15] যিহোশূয় ও সমস্ত ইস্রায়েল তাদের সামনে নিজেদেরকে পরাজিতদের মত দেখিয়ে মরুপ্রান্তের রাস্তা দিয়ে পালিয়ে গেল।

[16] তাতে নগরে অবস্থিত সব লোককে ডাকা হল, যেন তারা তাদের পেছনে দৌড়িয়ে যায়। আর তারা যিহোশূয়ের পিছন পিছন যেতে যেতে নগর থেকে দূরে আকর্ষিত হল;

[17] বের হয়ে ইস্রায়েলের পিছনে গেল না, এমন এক জনও অয়ে বা বৈথেলে অবশিষ্ট থাকল না; সবাই নগরের দরজা খোলা রেখে ইস্রায়েলের পিছন পিছন দৌড়াল।

[18] তখন সদাপ্রভু যিহোশূয়কে বললেন, “তুমি তোমার হাতের বর্শা অয়ের দিকে বিস্তার কর; কারণ আমি সেই নগর তোমার হাতে দেব।” তখন যিহোশূয় তার হাতের বর্শা নগরের দিকে বিস্তার করল।

[19] তিনি হাত বাড়ানোর সঙ্গে সঙ্গে গোপনে অবস্থিত সৈন্যদল অমনি তাদের জায়গা থেকে উঠে দ্রুত গেল ও নগরে প্রবেশ করে তা অধিকার করল এবং তাড়াতাড়ি নগরে আগুন লাগিয়ে দিল।

[20] পরে অয়ের লোকেরা পিছন ফিরে দেখল, আর দেখ, নগরের ধোঁয়া আকাশে উঠছে, কিন্তু তারা এদিকে কি ওদিকে কোন দিকেই পালানোর উপায় পেল না; আর মরুপ্রান্তে যে লোকেরা পালিয়ে যাচ্ছিল তারা সেই লোকদের দিকে ফিরে আক্রমণ করতে লাগল যারা তাদেরকে তাড়া করছিল।

[21] যখন গোপনে অবস্থিত সৈন্যদল নগর অধিকার করেছে ও নগরের ধোঁয়া উঠছে, তা দেখে যিহোশূয় ও সমস্ত ইস্রায়েল ফিরে অয়ের লোকদেরকে হত্যা করতে লাগলেন;

[22] আর অন্য দলও নগর থেকে তাদের বিরুদ্ধে আসছিল; সুতরাং তারা ইস্রায়েলের মধ্যে পড়ল, কয়েকজন এপাশে কয়েকজন ওপাশে; আর তারা তাদেরকে এমন আঘাত করল যে, তাদের কেউই অবশিষ্ট বা রক্ষা পেল না।

[23] আর তারা অয়ের রাজাকে জীবিত ধরে যিহোশূয়ের কাছে নিয়ে গেল।

[24] এই ভাবে ইস্রায়েল তাদের সবাইকে মাঠে, অর্থাৎ যে মরুপ্রান্তে অয়ে বসবাসকারী যে লোকেরা তাদের তাড়া করেছিল, সেখানে তাদেরকে সম্পূর্ণরূপে হত্যা করল; তাদের সবাই তরোয়ালের আঘাতে মারা গেল, পরে সমস্ত ইস্রায়েল ফিরে অয়ে গিয়ে তরোয়াল দিয়ে সেখানকার লোকদেরকেও হত্যা করল।

[25] সেই দিনের অয়ে বসবাসকারী সমস্ত লোক অর্থাৎ মহিলা পুরুষ সবাইকে মিলিয়ে মোট বার হাজার লোক মারা গেল।

[26] কারণ অয়ে বসবাসকারী সবাই যতক্ষণ না সম্পূর্ণভাবে ধ্বংস হল, ততক্ষণ যিহোশূয় তাঁর বাড়ানো বর্শা ধরা হাত নামাতে পারলেন না।

[27] যিহোশূয়ের প্রতি সদাপ্রভুর দেওয়া কথা অনুযায়ী ইস্রায়েল শুধু ঐ নগরের পশু ও সমস্ত লুটদ্রব্য নিজেদের জন্য গ্রহণ করল।

[28] আর যিহোশূয় অয় নগর পুড়িয়ে দিয়ে চিরস্থায়ী ঢিবি এবং ধ্বংসের স্থান করলেন, তা আজও সেই রকম আছে।

[29] আর তিনি অয়ের রাজাকে সন্ধ্যা পর্যন্ত গাছে টাঙ্গিয়ে রাখলেন, পরে সূর্যাস্তের দিনের লোকেরা যিহোশূয়ের আদেশে তাঁর মৃত দেহ গাছ থেকে নামিয়ে নগরের দরজার-প্রবেশের স্থানে ফেলে তার উপরে পাথরের এক বড় ঢিবি করল; তা আজও আছে।

[30] তখন যিহোশূয় এবল পর্বতে ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্য এক যজ্ঞবেদি তৈরী করলেন।

[31] সদাপ্রভুর দাস মোশি ইস্রায়েল-সন্তানদেরকে যেমন আদেশ করেছিলেন, তেমনি তারা মোশির ব্যবস্থার বইতে লেখা আদেশ অনুসারে গোটা পাথরে, যার উপরে কেউ লোহা উঠায় নি, এমন পাথরে ঐ যজ্ঞবেদি তৈরী করল এবং তার উপরে সদাপ্রভুর উদ্দেশ্য হোম করল ও মঙ্গলার্থে বলি উৎসর্গ করল।

[32] আর সেখানে পাথরগুলির উপরে ইস্রায়েল-সন্তানদের সামনে তিনি মোশির লেখা ব্যবস্থার এক অনুরূপ লিপি লিখলেন।

[33] আর ইস্রায়েলের লোকদের সবার প্রথমে আশীর্বাদ করার জন্য, সদাপ্রভুর দাস মোশি যেমন আদেশ করেছিলেন, তেমন সমস্ত ইস্রায়েল, তাদের প্রাচীনেরা, কর্মচারীরা ও বিচারকর্তারা, স্বজাতীয় কি প্রবাসী সমস্ত লোক সিন্দুকের এদিকে ওদিকে সদাপ্রভুর নিয়ম-সিন্দুক-বহনকারী লেবীয় যাজকদের সামনে দাঁড়াল; তাদের অর্ধেক গরীষীম পর্বতের সামনে, অর্ধেক এবল পর্বতের সামনে থাকল।

[34] পরে ব্যবস্থার বইতে যা যা লেখা আছে, সেই অনুযায়ী তিনি ব্যবস্থার সমস্ত কথা, আশীর্বাদের ও অভিশাপের কথা, পাঠ করলেন।

[35] মোশি যা যা আদেশ করেছিলেন, যিহোশূয় ইস্রায়েলের সমস্ত সমাজের এবং মহিলাদের, ছোট ছেলে-মেয়েদের ও তাদের মধ্য প্রবাসীদের সামনে সেই সমস্ত পাঠ করলেন, একটি বাক্যেরও ত্রুটি করলেন না।

যিহোশূয় — Chapters