Skip to content
Opens in a new window
Listen to this chapter • 3:30

[1] প্রভু সদাপ্রভু এই আমাকে দেখালেন। দেখ, তিনি পঙ্গপালের ঝাঁক তৈরী করলেন যখন বসন্তের ফসল বেড়ে উঠতে শুরু করেছে এবং দেখ, এটি ছিল রাজার ফসল কাটার পরের ফসল।

[2] যখন তারা জমির উদ্ভিদ খাওয়া শেষ করল, তখন আমি বললাম, “প্রভু সদাপ্রভু, দয়া করে ক্ষমা করুন; যাকোব কিভাবে বাঁচবে? কারণ সে খুবই ছোট।”

[3] সদাপ্রভু এই বিষয়ে নরম হলেন। তিনি বললেন, “এটা ঘটবে না।”

[4] প্রভু সদাপ্রভু এই আমাকে দেখালেন, দেখ, প্রভু সদাপ্রভু আগুন ডাকলেন বিচারের জন্য। এটা বিশাল গভীর জলরাশিকে শুকনো করতে পারে এবং ভূমিকেও গ্রাস করতে পারে।

[5] কিন্তু আমি বললাম, “প্রভু সদাপ্রভু, দয়া করে ক্ষান্ত হোন; যাকোব কিভাবে রক্ষা পাবে? কারণ সে খুবই ছোট।”

[6] সদাপ্রভু এই বিষয়ে নরম হলেন। প্রভু সদাপ্রভু এই বললেন, “এটাও ঘটবে না।”

[7] তিনি আমাকে এই দেখালেন, দেখ, প্রভু একটি দেয়ালের পাশে দাঁড়িয়ে আছেন, তাঁর হাতে ওলনদড়ি নিয়ে।

[8] সদাপ্রভু আমায় বললেন, “আমোষ, তুমি কি দেখছো?” আমি বললাম, “একটি ওলনদড়ি।” তখন প্রভু বললেন, “দেখ, আমি একটি ওলনদড়ি আমার লোকেদের মধ্যে রাখবো। আমি আর তাদের ছাড়বো না।

[9] ইসহাকের উঁচু জায়গা ধ্বংস হবে, ইস্রায়েলের পবিত্র স্থান ধ্বংস হবে এবং আমি যারবিয়াম কুলের বিরুদ্ধে তলোয়ার নিয়ে উঠবো।”

[10] তখন অমৎসিয়, বৈথেলের যাজক ইস্রায়েলের রাজা যারবিয়ামের কাছে একটি খবর পাঠালেন, “আমোষ ইস্রায়েল কুলের মধ্যে আপনার বিরুদ্ধে চক্রান্ত করছে। দেশ তার এত কথা সহ্য করতে পারছে না।”

[11] এই কারণে আমোষ এই কথা বললেন, “যারবিয়াম তলোয়ারে মারা যাবে এবং ইস্রায়েল অবশ্যই নির্বাসনে যাবে তার নিজের দেশ থেকে দূরে।”

[12] অমৎসিয় আমোষ বললেন, “দর্শনকারী, যাও, যিহূদা দেশে পালিয়ে যাও এবং সেখানে রুটি খাও এবং ভাববাণী কর।

[13] কিন্তু বৈথেলে আর ভাববাণী কর না, কারণ এটা রাজার পবিত্র জায়গা এবং একটি রাজ বাড়ি।”

[14] তখন আমোষ অমৎসিয়কে বললেন, আমি কোনো ভাববাদী নই না কোনো ভাববাদীর ছেলে। আমি একজন পশুপালক এবং ডুমুর তুলি।

[15] কিন্তু সদাপ্রভু আমাকে পশুপালের দেখা শোনার থেকে নিয়ে গেলেন এবং আমায় বললেন, যাও, আমার প্রজা ইস্রায়েলের কাছে ভাববাণী বল।

[16] এখন সদাপ্রভুর বাক্য শুনো। তুমি বলছ, ইস্রায়েলের বিরুদ্ধে ভাববাণী কর না আর ইসহাকের কুলের বিরুদ্ধে কিছু বল না।

[17] এই জন্য সদাপ্রভু এই কথা বললেন, তোমার স্ত্রী শহরের মধ্যে একজন বেশ্যা হবে; তোমার ছেলে এবং মেয়ে তলোয়ারে মারা পরবে; তোমার জমি মাপা হবে আর ভাগ হবে; তুমি একটি বিজাতীয় দেশে মারা যাবে এবং ইস্রায়েল অবশ্যই নির্বাসনে যাবে তার নিজের দেশ থেকে।

আমোষ — Chapters